Barak UpdatesHappeningsBreaking News
প্রদীপ দত্তরায়কে সম্মাননা দিল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর: বিশ্ববিদ্যালয় আন্দোলন ও বরাকের স্বার্থ রক্ষায় সর্বদা সরব থাকার জন্য প্রদীপ দত্তরায়কে সম্মান জানাল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি বিশাল নাথ ও কমিউনিকেশন ইনচার্জ সন্দীপ রায় তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। সংস্থার পক্ষ থেকে মানপত্র ও উপহার হিসেবে কিছু বই তাঁর হাতে তুলে দেওয়া হয়।
সভাপতি বিশাল নাথ বলেন, প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে আকসার দীর্ঘ আন্দোলনের জন্যই বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপন সম্ভব হয়েছে। এছাড়া বরাক উপত্যকার যে কোনও সমস্যা নিয়ে তিনি সর্বদাই সরব থাকেন। উপত্যকার সমস্যা নিয়ে ইতিমধ্যে তার দুটি বই প্রকাশিত হয়েছে। বিশাল নাথ বলেন যে, একজন পাঠক হিসেবে তিনি এসব লেখা থেকে অনেক কিছু জেনেছেন এবং সামাজিক কাজকর্মে অনুপ্রেরণা পেয়েছেন।
সম্মাননা গ্রহণ করে প্রদীপ দত্তরায় বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন যে, এর আগেও তিনি যে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি ও রাজীব গান্ধী শিরোমণি পুরস্কার পেয়েছেন তা ভাষাশহিদদের উদ্দেশে উৎসর্গ করেছেন। একইভাবে এদিনের সম্মাননাও তিনি ভাষাশহিদদের উদ্দেশে উৎসর্গ করছেন। কারণ তাঁর ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বরাক তথা বাঙালিদের অধিকার রক্ষায় যেটুকু ভূমিকা সবটার প্রেরণাই ভাষাশহিদদের আত্মত্যাগ যা বরাক উপত্যকাকে এক অনন্য স্বীকৃতি দিয়েছে।
