Barak UpdatesHappeningsBreaking News
পিএনবিতে নিযুক্তিতে বাংলা ব্রাত্য কেন, প্রশ্ন তুলে প্রতিবাদ বরাকবঙ্গের

ওয়েটুবরাক, ২২ আগস্ট : এ রাজ্যে সরকারি -বেসরকারি নিযুক্তিতে বাঙালিরা ক্রমাগত উপেক্ষিত হচ্ছেন। এবার রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসার নিযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষাকে একেবারেই ব্রাত্য করে দেওয়া হয়েছে। এই ব্যাংকে নিযুক্তি পেতে হলে এখন থেকে অসমিয়া ও বডো ভাষাজ্ঞান বাধ্যতামূলক । এ মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে ৮৪ জন ‘স্থানীয় ব্যাংক আধিকারিক ‘ নিযুক্তির জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতেই এই শর্ত তুলে ধরা হয়েছে। বিষয়টি নজরে আসতেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের দাবি তুলেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক, রাজ্যের ভাষা আইনের পরিপন্থী এবং জনবিন্যাসের চরিত্রকে উপেক্ষার নজির বলে অভিহিত করে নিযুক্তির ক্ষেত্রে বাঙালি কর্মপ্রার্থীদের বঞ্চিত করা চলবে না বলে ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বরাকবঙ্গ। সংগঠনের পক্ষে চার সদস্যের এক প্রতিনিধি দল শিলচরে পিএনবির আঞ্চলিক কার্যালয়ের চিফ ম্যানেজারের সঙ্গে দেখা করে এই প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যাংকের গুয়াহাটির জোনাল ম্যানেজারের উদ্দেশে এ মর্মে এক স্মারকপত্রও প্রদান করে অবিলম্বে বিহিত ব্যবস্থার দাবি রেখেছেন।
বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত ও সাংগঠনিক সম্পাদক অনিল পাল ও কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর ও সম্পাদক উত্তম কুমার সাহা পিএনবির চিফ ম্যানেজার নারায়ণ কুমারের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকপত্র তুলে দিয়ে বলেছেন, পিএনবিতে নিযুক্তির ক্ষেত্রে অসমিয়া ও বডো ভাষাজ্ঞান নিয়ে বরাকবঙ্গের কোনও আপত্তি নেই । তবে এক্ষেত্রে বাংলাভাষাকে একেবারে ব্রাত্য রাখা মেনে নেওয়া যায় না। ভাষাজ্ঞানের অজুহাত দিয়ে বাঙালি কর্মপ্রার্থীদের নিযুক্তি ক্ষেত্রে বঞ্চিত করার কোনও বৈধ অধিকার ব্যাংক কর্তৃপক্ষের নেই। প্রতিনিধি দল স্পষ্টভাবে বলেছেন, ডিমাসা রাজসভার যুগ থেকেই বাংলা বরাক উপত্যকার সরকারি ভাষা। অসম সরকারি ভাষা আইন অনুসারেও বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। অন্যদিকে ২০১১ সালের সেন্সাস প্রতিবেদন অনুসারে রাজ্যের মোট জনসংখ্যার ২৯ শতাংশ বাংলা ভাষাভাষী, সংখ্যায় তা ৯০ লক্ষের অধিক। এ অবস্থায় নিযুক্তির ক্ষেত্রে রাজ্যের দ্বিতীয় গরিষ্ঠ ভাষাভাষীর কর্মপ্রার্থীদের বঞ্চনা করা চরম অগণতান্ত্রিক এবং আইনবিরুদ্ধ। রাষ্ট্রায়ত্ত পিএনবি যেহেতু একটি বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের কাজে স্থানীয় ভাষাজ্ঞান যেখানে সরকারিভাবে বাধ্যতামূলক, সেখানে তা গায়ের জোরে খারিজ করে দেওয়ার চেষ্টায় সঙ্গতভাবেই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনতর সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত এবং বাস্তব স্থিতি বর্জিত বলে মন্তব্য করেছেন তাঁরা ।


