India & World UpdatesHappeningsBreaking News
পহেলগাঁও হামলায় গোয়েন্দাদের ব্যর্থতার কথা বললেন না কেন প্রধানমন্ত্রী, কটাক্ষ দোলার

ওয়েটুবরাক, ৩০ জুলাই: সংসদের সিঁদুর আলোচনায় রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ দোলা রায়। শাসক দল বিজেপিকে ‘মানবিকতাহীন’ দল বলে তোপ দাগলেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন করলেন বিরোধীদের ছোট করলেও কেন পহেলগাঁও হামলায় গোয়েন্দাদের ব্যর্থতার কথা বললেন না প্রধানমন্ত্রী মোদি।
”প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো বটেই, এমনকী প্রতিরক্ষামন্ত্রীর কথাতেও এতজন নিরীহ নাগরিকের মৃত্যুতে কোনও দুঃখপ্রকাশ শোনা গেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানবিকতাহীন এই শাসক দল বিজেপি। লজ্জা! লজ্জা! লজ্জা! সদনে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীও অসত্য বলছেন। অসত্য! অসত্য! অসত্য!”
সেই সঙ্গেই তাঁর তোপ, ”বিরোধীদের ছোট করে নিম্নস্তরের রাজনীতি করলেন সম্মাননীয় প্রধানমন্ত্রী। অথচ একবারও বললেন না গোয়েন্দাদের ব্যর্থতার কথা!” দোলার কটাক্ষ, ”২৬/১১-র পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ইস্তফা দেন। অথচ এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তো ছেড়েই দিন, গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়ানো হল!”


