Barak UpdatesHappeningsBreaking News

নাগরিকত্ব আইন সংশোধন করে বাস্তুচ্যুত লোকদের সুরক্ষা দিয়েছে বিজেপি : কণাদ

বড়খলায় কিশোর নাথের সমর্থনে নির্বাচনী সভা

ওয়ে টু বরাক, ২ এপ্রিল : নাগরিকত্ব আইন সংশোধন করে বাস্তুচ্যুত লোকদের সুরক্ষা দিয়েছে বিজেপি। বুধবার বড়খলায় দলীয় প্রার্থী কিশোর নাথের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এমনটাই বলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, যারা দেশভাগের বলি হয়েছেন, ধর্মীয় নির্যাতনে শরণার্থী হয়ে দেশে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব প্রদানে অঙ্গীকারবদ্ধ ছিল বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বেই নাগরিকত্ব আইন সংশোধন করে শরণার্থীদের সুরক্ষা প্রদান করা হয়েছে। আজকের দিনে সেই আইনের সুফল পাচ্ছেন বাস্তুচ্যুত লোক। পাশাপাশি তিনি এও বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত অসম গড়তে বদ্ধপরিকর বিজেপি। অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, সেই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

এ দিনের সভায় মুখ্য অতিথির ভাষণে বরাক উপত্যকায় বিজেপির উত্থানের ইতিবৃত্ত টেনে বলেন, ১৯৯১ সালে এই উপত্যকা থেকে দলের নয়জন বিধায়ক এবং দুজন সাংসদ নির্বাচিত হন। বিজেপির অভূতপূর্ব সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে বাস্তুচ্যুত মানুষের। যারা আজকের দিনেও বিজেপির সঙ্গে সম্পৃক্ত। এ প্রসঙ্গেই বিজেপির প্রতি
বড়খলার চাতলা অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের  স্বার্থ আনুগত্যের কথা উল্লেখ করে সাংসদ কণাদ অকপটে বলেন, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ১৯৯১ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পেছনে এতদঞ্চলের জনগণের অপরিসীম অবদান রয়েছে।

চাতলা অঞ্চলটি বিজেপির শক্ত গড় বলে বিদিত। তাই এ বার বড়খলা আসনটি পুনরুদ্ধারে চাতলা এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে সাংসদ কণাদ আরও বলেন, একুশের নির্বাচনে বড়খলা থেকে বিরোধী দলের বিধায়ক নির্বাচিত হওয়ায় উন্নয়ন কার্যত থমকে গেছে। বিগত দিনে কিশোর নাথের উদ্যোগে উন্নয়নমূলক কাজকর্মে গতি এসেছিল। উন্নয়নের সেই ধারাকে ফিরিয়ে আনতে বিজেপি প্রার্থী কিশোর নাথকে রেকর্ড ভোটে জয়ী করানোর আহবান জানান তিনি।

বক্তব্য প্রসঙ্গে সভায় উপস্থিত সহস্রাধিক লোকের আশীর্বাদ কামনা করে দলীয় প্রার্থী কিশোর নাথ বলেছেন, রাজ্যে তৃতীয়বারের মত হিমন্তবিশ্ব শর্মা সরকার ক্ষমতাসীন হবে, এ নিয়ে কোন সংশয় নেই। তাই বড়খলার সর্বাঙ্গীন উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোটদানের আবেদন জানান তিনি। এর আগে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন প্রাক্তন বিধায়ক নীহার রঞ্জন দাস, প্রদীপ দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker