India & World UpdatesHappeningsBreaking News
নদীয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ওয়েটুবরাক, ১৬ আগস্ট: নদিয়ার নাকাশিপাড়ায় বাড়ি ফেরার পথে সশস্ত্র দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর রহমান (আনিসুর শেখ) এবং তাঁর ছেলে আবু সুফিয়ান। শনিবার রাতে বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে পথ আটকে তাঁদের ওপর বোমা, গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনার প্রতিবাদে রবিবার সারা রাজ্য কালাদিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে চারচাকা গাড়িটির রাস্তা আটকায়। এর পরে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, চালানো হয় এলোপাথাড়ি গুলি। পরে আনিসুর রহমান ও আবু সুফিয়ানকে গাড়ি থেকে টেনে বার করে প্রথমে গুলি এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয়। এর পরে দাপুটে কংগ্রেস নেতা ও তাঁর আইনের ছাত্র ছেলেকে রক্তাক্ত-ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে পালায়।
বিকট শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয়রা বেরিয়ে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। অভিযোগ, এই হামলার মূল লক্ষ্য ছিলেন আনিসুর। বাবার সঙ্গে থাকায় আইনের ছাত্র আবু সুফিয়ান যেন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কোনও সাক্ষ্যপ্রমাণ না দিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁকেও অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
ঘটনার মূল কারণ অনুসন্ধান ও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।


