Barak UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় ভাষা সাহিত্য সম্মান পেলেন কবি পীযূষ রাউত

ওয়েটুবরাক, ২৫ আগস্ট: বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি পীযূষ রাউতকে অষ্টম ভাষা সাহিত্য সম্মান-এ ভূষিত করল ত্রিপুরার ভাষা ট্রাস্ট। একই সম্মানে ভূষিত করা হয়েছে ত্রিপুরার বিশিষ্ট লেখক-গবেষক রবীন্দ্রকিশোর দেববর্মাকেও।
রবিবার সন্ধ্যায় আগরতলায় আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট কবি এল বীরমঙ্গল সিংহ। ভাষাস্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কথাসাহিত্যিক অজিত দেববর্মা।

ভাষা ট্রাস্টের সভাপতি কবি কল্যাণব্রত চক্রবর্তী পীযূষ রাউত ও রবীন্দ্রকিশোর দেববর্মার হাতে মানপত্র, ভাষার বই এবং ১০ হাজার টাকা করে সম্মানরাশি প্রদান করেন। প্রধান অতিথি কবি এল বীরমঙ্গল সিংহ তাঁদের হাতে শাল ও স্মারক তুলে দেন। আগরতলা চারু মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যের নির্মিত স্মারক ছিল এবারের সম্মাননার অন্যতম আকর্ষণ।
পীযূষ রাউতের মানপত্র পাঠ করেন কথাসাহিত্যিক শ্যামাপদ চক্রবর্তী এবং রবীন্দ্রকিশোর দেববর্মার মানপত্র পাঠ করেন কবি কৃত্তিবাস চক্রবর্তী।

সম্মাননা গ্রহণের পর দুই কবিই তাঁদের কবিতা পাঠ করেন এবং নিজেদের সাহিত্য জীবনের অভিজ্ঞতা ও অনুভব ব্যক্ত করেন। এদিন অনুষ্ঠানে ভাষাসাহিত্য-এর ২৯তম সংখ্যার আবরণ উন্মোচন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি কবি এল বীরমঙ্গল সিংহ বলেন, ভাষা ট্রাস্টের এই আয়োজন বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সাহিত্যিকদের যথাযথ স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মূল্যবান বক্তব্য রাখেন সভাপতি কবি কল্যাণব্রত চক্রবর্তীও।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্য। ভাষা ট্রাস্টের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কাকলি গঙ্গোপাধ্যায়। সম্মান প্রাপকদের সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কবি রামেশ্বর ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অলকানন্দা চৌধুরী।


