NE UpdatesHappeningsBreaking News
জুবিন হত্যা মামলা : ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্য দিলেন ৫ সাক্ষী

গুয়াহাটি, ৯ জুন : শিল্পী জুবিন গার্গকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলার বিচারপ্রক্রিয়ার মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। ২৬ মে চার্জফ্রেম দাখিলের পর ৮ জুন থেকে ফাস্ট ট্র্যাক আদালতে শুরু হওয়া বিচার প্রক্রিয়ার দ্বিতীয় দিনে সাক্ষ্য দিতে উপস্থিত হন পাঁচজন সাক্ষী। প্লাবিতা বরকটকী, বেবী বরা, বিশ্বজিৎ দাস, মহেশ্বর হালৈ এবং শাহিদ চান বরা আদালতে সাক্ষ্য প্রদান করেন।
টিয়ক প্রগতিশীল নারী সংঘের পক্ষ থেকে শ্যামকানু মহন্ত, শেখর গোস্বামী এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন প্লাবিতা বরকটকী ও বেবী বরা। সেই মামলায় সাক্ষ্য দিতেই তাঁরা আদালতে উপস্থিত হন। সাক্ষ্য দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে প্লাবিতা বরকটকী বলেন, “জুবিন গার্গের মৃত্যুর খবর পাওয়ার পর টিয়ক প্রগতিশীল নারী সংঘের পক্ষ থেকে একটি এজাহার দাখিল করা হয়েছিল। সেই এজাহারের ভিত্তিতেই আমাদের ডাকা হয় এবং আমরা সাক্ষ্য দিতে এসেছি।”
তিনি আরও বলেন, “অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গকে অবহেলা করে সিঙ্গাপুরে শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন— সেই বিষয়ে সাক্ষ্য দিতেই আমি এসেছি। মূলত শ্যামকানু মহন্ত, শেখর গোস্বামী এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে আমরা এজাহার দাখিল করেছিলাম। আমরা বিশ্বাস করি, এই তিনজনই ষড়যন্ত্র করে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।”
উল্লেখ্য, সোমবারও পাঁচজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছিলেন। এখন থেকে প্রতিদিন বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে আদালত। মোট ৩৯৪ জন ব্যক্তি ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্য দেবেন। আগামী ২০ জুন পর্যন্ত এই হত্যা-সংক্রান্ত মামলার অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

