Barak UpdatesHappeningsBreaking News
গ্যামন সেতুতে মেরামতির কাজ ২৫ মার্চ থেকে
ওয়েটুবরাক, ১২ মার্চ: কাটিগড়ায় বরাক নদীর ওপরে থাকা গ্যামন সেতুতে মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানান পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ কাজ শুরু হবে।
বিধায়ক খলিল বলেন, এই সেতু শুধু তাঁর বিধানসভা কেন্দ্র কিংবা বরাক উপত্যকার জন্য নয়, উত্তর পূর্বের আরও দুই-তিন রাজ্য এই সেতুর ওপর নির্ভরশীল। বিশেষ করে, ত্রিপুরা ও মিজোরামের লাইফলাইন এই সেতু। এর অবস্থা খুবই সঙ্গীন। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
মন্ত্রী পাটোয়ারি বলেন, ১৯৭৪ সালে গ্যামন সেতু নির্মাণ করা হয়। ২০০১ সালে এর মেরামতি হয়। পরে ২০২২ সালে এই সেতুর দায়িত্ব দেওয়া হয় এনএইচআইডিসিএলকে। গত বছর বিশেষজ্ঞদের ডেকে সেতুটির পরীক্ষা করানো হয়। তাদের পরামর্শ মেনে এক প্রস্থ কাজ হয়। পাটোয়ারি জানিয়েছেন, এ বার কাজ শুরু হতে চলেছে। আগামী ২৫ মার্চ সে কাজ শুরু হবে।
তাঁর কথায়, এই সেতুর ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে সরকার দুটি বাইপাস নির্মাণ করছে। বদরপুর বাইপাস ও পাঁচগ্রাম বাইপাস দুটিরই কাজ শেষ হবে ক্রমে ২০২৬ ও ২০২৭ সালে।



