NE UpdatesSports

গৃহজেলায় লাভলীনা : হাজার মানুষের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত সোনার মেয়ে

গোলাঘাট, ৮ অক্টোবর : এশিয়ান গেমসের মহিলা বক্সিংয়ের ৭৫ কিলোগ্রাম বিভাগে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সোনার পদক জয় করে অসমকন্যা লাভলীনা বরগোহাঁই রাজ্য তথা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। বৃহস্পতিবার নিজের জন্মভূমি সরুপথারে যাওয়ার পথে বোকাখাতে সহস্রাধিক মানুষ লাভলীনাকে সংবর্ধনা ও অভিনন্দন জানান। বোকাখাত মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় বোকাখাতের শতাধিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি স্বর্ণজয়ী বক্সার লাভলীনাকে সম্মান জানান।

বোকাখাত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, বিধায়ক তথা জ্যেষ্ঠ মন্ত্রী অতুল বরার একান্ত সহযোগিতায় এবং সম্পাদক সঞ্জীব শইকীয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বোকাখাতের সব জাতীয় সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভালোবাসায় ভরিয়ে দেন খেলোয়াড় লাভলীনাকে। সহস্রাধিক অনুরাগীর উপস্থিতিতে উচ্ছ্বসিত লাভলীনা সাধারণ মানুষকে উদ্দেশ করে বলেন, “এশিয়ান গেমসে স্বর্ণ জয় আপনাদের আশীর্বাদ। আমি অলিম্পিকের পরেও যাতে আবার আপনাদের এভাবে দেখা করতে পারি, সেই আশীর্বাদ করবেন।”

স্বাগত ভাষণে বোকাখাত ক্রীড়া সংস্থার সভাপতি তথা মন্ত্রী অতুল বরা বলেন, নিজের জন্মদিনের দিনেই লাভলীনা যে স্বর্ণপদক অর্জন করেছেন, তা দেশ ও জাতিকে গৌরবান্বিত করেছে। অনুষ্ঠানে লাভলীনার বাবা টিকেন বরগোহাঁই এবং মা মামণি বরগোহাঁইও উপস্থিত ছিলেন। বোকাখাত মহকুমার আয়ুক্ত সুজাতা গগৈ, চক্র আধিকারিক দেবাহুতি ডেকা, খণ্ড উন্নয়ন আধিকারিক বিহঙ্গী ভাগবতী দাস, অগপ, বিজেপি এবং গণশক্তির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা গ্রহণ করে স্বর্ণকন্যা লাভলীনা বরগোহাঁই বলেন, “আজ গোলাঘাটে উপস্থিত হয়েছি এবং সাধারণ মানুষ যে এত ভালোবাসা দিয়েছেন, তাতে আমি অভিভূত। এখানে উপস্থিত হওয়ার পর এত মানুষের ভালোবাসা পেয়েছি, যার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মন্ত্রী অতুল বরাও খেলার সময় আমাদের খোঁজখবর রাখেন। আমি যতটা ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি মানুষ আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি গোলাঘাটবাসীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও যাতে মেডেল নিয়ে আসতে সক্ষম হই, তার জন্য আশীর্বাদ চাইছি।”

“আগামী দিনে অলিম্পিক রয়েছে এবং এই স্বর্ণপদক জয় করে অলিম্পিকে আনন্দের সঙ্গে যেতে চাইছি এবং এবার আমি স্বর্ণপদক অর্জন করতে পারব। আমার সাফল্যের জন্য অসমের পাশাপাশি দেশবাসীকেও কৃতিত্ব দেব, কারণ সবার আশীর্বাদ অনেক বড় বিষয়। দেশের প্রধানমন্ত্রীকে দেখা আমাদের জন্য একটি বড় মুহূর্ত এবং সেটি সবারই একটি স্বপ্ন। কিন্তু তার চেয়েও ভালো লাগছে গুয়াহাটিতে উপস্থিত হওয়ার পর থেকে যে পরিবেশ দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা হওয়া—এটি আমার জন্য বড় বিষয়।”

এ দিকে সরুপথারে লাভলীনাকে স্বাগত জানাতে গোলাঘাটের রঙাজানে উপস্থিত হন বিধায়ক বিশ্বজিৎ ফুকন। রঙাজানে উপস্থিত হওয়ার পর বিধায়ক বিশ্বজিৎ ফুকন লাভলীনা বরগোহাঁইকে গামোছা পরিয়ে স্বাগত জানান। এছাড়াও খেলোয়াড় লাভলীনাকে স্বাগত জানান গোলাঘাট জেলা বিজেপির সভাপতি চন্দ্রজ্যোতি ঠাকুর, সমাজকর্মী দিলীপ শইকিয়াসহ বহু বিশিষ্ট ব্যক্তি। লাভলীনা বরগোহাঁইকে স্বাগত জানিয়ে বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেন, “আজ আমাদের জন্য সৌভাগ্যের দিন। লাভলীনা গোলাঘাটে উপস্থিত হয়েছেন। আমরা সরুপথার বিধানসভা কেন্দ্রের মানুষ আগ্রহ নিয়ে আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা খেলোয়াড়কে স্বাগত জানিয়ে সরুপথারে নিয়ে যাব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker