India & World UpdatesHappeningsBreaking News
আপদ বিদায় করেছে দিল্লিবাসী, মোদির মন্তব্য

ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: দিল্লি বিজয় উদয়াপনের জন্য শনিবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে হাজির হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তখন হাজির বহু কর্মকর্তা থেকে তাবড় তাবড় বিজেপি নেতৃত্ব। মঞ্চে উঠেই যমুনা-কে প্রণাম করে নিজের ভাষণ শুরু করেন মোদি। প্রধানমন্ত্রীর মন্তব্য, “আপদ বিদায় করেছে দিল্লিবাসী”।
আড়াই দশক পর দিল্লিতে বিজেপির জয়-কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি ধন্যবাদ দেন দিল্লি বিজেপির নেতা-কর্মীদেরও। বিজেপির সংকল্পের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দিল্লির মানুষের কাছে আমার গ্যারান্টি – সবকা সাথ, সবকা বিকাশ এবং পুরি দিল্লি কা বিকাশ।”
শনিবার বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে মোদি বলেন, “দিল্লির জনগণ বিজেপির ওপর বিশ্বাস রেখেছেন। যা আমাদের কাছে ঋণের সমান। এবার রাজ্যের ডবল ইঞ্জিন সরকার জনতা-জনার্দনকে উন্নয়ন, বিকাশের মাধ্যমে সেই ঋণ ফিরিয়ে দেবে। আজকের জয় সামান্য জয় নয় ঐতিহাসিক। আজকের জয় আপদ-কে বের করে দিয়েছে। আপদের থেকে দিল্লি মুক্তি পেল, যা জনাদেশে স্পষ্ট।”
এ দিনের ভাষণে আপ-কে ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করে মোদি বলেন, “এই ফলাফল প্রমাণ করেছে যে দিল্লির মানুষ রাজনীতিতে দুর্নীতি এবং মিথ্যাচার সহ্য করবে না। দিল্লির মানুষ শাসন চায়, নাটক নয়।”
প্রধানমন্ত্রী বলেন, এনডিএ মানে উন্নয়ন, সুশাসনের গ্যারান্টি। এটি কেবল দরিদ্রদের নয়, মধ্যবিত্তদেরও উপকার করে। মধ্যবিত্তরা বিজেপিকে সমর্থন করেছে। বিভিন্ন পেশার মানুষ বিজেপির সঙ্গে কাজ করছে এবং এই কারণে, আমরা সর্বদা মধ্যবিত্তদের অগ্রাধিকার দিয়েছি।”



