Barak UpdatesHappeningsBreaking News

২২ জুলাইয়ের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন করাতে বলল হাইকোর্ট

ওয়েটুবরাক, ৯ মেঃ আগামী আড়াইমাসের মধ্যে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। শিলচরের পাঁচ সচেতন নাগরিকের মামলার প্রেক্ষিতে গৌহাটি হাইকোর্ট একেবারে দিনতারিখ বেঁধে একথা জানিয়ে দিয়েছে। বিচারপতি দেবাশিস বরুয়া নির্দেশ জারি করে বলেছেন, ২২ জুলাইয়ের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে তাঁদেরই অঙ্গীকার মেনে শিলচর পুর নিগমের নির্বাচন সেরে নিতে হবে।

 

পাশাপাশি তৎকালীন পুরসভার অস্বাভাবিক করবৃদ্ধিতে আপত্তি জানিয়ে ওই ৫জন সহ মোট ১৫জন মিলে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেছিলেন। ওই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি দেবাশিস বরুয়া জানিয়ে দিয়েছেন, আগামী ২৮ মে বেলা দুইটায় এর চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

 

ছয় বছর ধরে নির্বাচন হচ্ছে না শিলচর পুর নিগমে। এর দরুন মানুষ নিজেদের সমস্যা, এলাকার বিষয়াদি নিয়ে কথা বলার মতো জনপ্রতিনিধি খুঁজে পাচ্ছেন না। সব সময় সব বিষয় বিধায়ক-সাংসদদের বলা যায় না, তাঁদের পাওয়াও সহজ নয়। এ ছাড়া স্থানীয় মানুষদের দ্বারা পরিচালিত হওয়ার যে নীতি-আদর্শ রয়েছে পুরসভা বা পুরনিগমের, এখানে তাও মানা হচ্ছে না। সে কারণেই গত বছর গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। সংগঠনের পক্ষে মামলাটি করেন ধ্রুবকুমার সাহা, প্রণব দত্ত, মহীতোষ পাল ওরফে আশু পাল, বাসুদেব শর্মা এবং অভিজিত দাম।

 

শুনানি চলাকালে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন পৃথক হলফনামা দাখিল করে। রাজ্য সরকার জানায়, বিধানসভা নির্বাচন পর্ব শেষ হওয়ার কিছুদিন পর তাঁরা শিলচর পুর নিগমের নির্বাচন করিয়ে নিতে পারবেন। রাজ্য নির্বাচন কমিশন সরকারের হলফনামাকে ভিত্তি করে আদালতকে জানিয়ে দেয়, রাজ্য সরকার যদি এমনটাই চায়, তাহলে তারা আগামী দুই-তিন মাসের মধ্যেই নির্বাচন করিয়ে নেবেন।

 

এবার বিচারপতি বরুয়া রাজ্য নির্বাচন কমিশনারকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ২২ জুলাই। সেইসঙ্গে বলেছেন, নির্বাচন কমিশন হলফনামায় যে কথা বলেছিল, ওই তারিখের মধ্যে তা কার্যকর করার জন্য তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সোজা কথায়, ২২ জুলাইয়ের মধ্যে তাঁদের কথামতই শিলচর পুর নিগমের নির্বাচন করিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

 

হাইকোর্টের এই নির্দেশকে শিলচরবাসীর বড় সাফল্য বলে দাবি করেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তাগণ। আজ শনিবার সিটিভিওএ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মূল মামলাকারী ধ্রুবকুমার সাহা, প্রণব দত্ত, মহীতোষ পাল ওরফে আশু পাল, বাসুদেব শর্মা এবং অভিজিত দাম বলেন, “পুর নিগমের নির্বাচন করানোর এই নির্দেশ আমাদের নৈতিক জয়। পুরকর নিয়ে মামলার রায়ের জন্যও আশার আলো।” তাঁরা আশাবাদী, বর্ধিত করের প্রক্রিয়াটিকে বেআইনি বলে রায় দেবে হাইকোর্ট।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ড. অজয় রায়, অতনু ভট্টাচার্য, নন্দদুলাল সাহা, দেবাশিস পাল ও রামেন্দ্র ভট্টাচার্য জানান, এবার তাঁরা পরিকল্পিত ভাবে আন্দোলন গড়ে তুলবেন শিলচর শহরের জমাজলের সমস্যা নিরসনের দাবিতে। তাঁদের কথায়, বাচাইখাল, লঙ্গাইখাল সহ শহরের পাঁচটি খালের সংস্কার জরুরি হলেও সরকারের সে ব্যাপারে কোনও আন্তরিক উদ্যোগ নেই। পুরসভা সরবরাহকৃত পানীয় জলের গুণমান, বেহাল সড়ক —- এ সব নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker