India & World UpdatesHappeningsBreaking News
উড়ালপুল: শ্রীশ্রীরবিশঙ্করকে জন্মদিনের গুরুদক্ষিণা নীতীন গাডকারীর, মঞ্চে রজনীকান্তও

উত্তম কুমার সাহা ও পান্নালাল ভট্টাচার্য
বেঙ্গালুরু, ১২ মে : আর্ট অব লিভিঙের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের ৭০-তম জন্মদিন আগামীকাল ১৩ মে। কিন্তু আগের দিনেই বেঙ্গালুরু স্থিত আন্তর্জাতিক কেন্দ্রে জন্মদিনের আবহ। তাঁকে শ্রদ্ধাভরা শুভেচ্ছা জানাতে সকাল থেকে ভক্ত-অনুরাগীরা এসে জড়ো হচ্ছেন । হাতে ফলমূল, নানা ধরনের উপহার । অধিকাংশের পক্ষেই গুরুদেবের হাতে সেসব তুলে দেওয়া সম্ভব হয়নি। এমনটাই যে হবে, তা তাঁরা জানেনও। তবু শান্তি, তাঁকে দূর থেকে দেখতে পেয়েছেন, তাঁদের আনা সামগ্রী স্বেচ্ছাসেবকরা গ্রহণ করেছেন, গুরুদেবের কাছে পৌঁছে দেবেন, সে সব আশ্রমের কাজে ব্যবহৃত হবে।
দর্শনার্থীদের তালিকায় ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাডকারী, বিশিষ্ট অভিনেতা রজনীকান্তও। তাঁদের দুজনকে নিয়েই সৎসঙ্গের মঞ্চে বসেন শ্রী শ্রী রবিশঙ্কর। তখনই তাঁর নজরে আসে, দুই আর্চ বিশপ এসেছেন, তাঁকে জন্মদিনের প্রাক- সন্ধ্যায় শুভেচ্ছা জানাতে। স্বেচ্ছাসেবক পাঠিয়ে তাঁদেরও মঞ্চে বসালেন। শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপক্ষের শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছেন তাঁর দলীয় সাংসদ। রবিশঙ্করের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন বিদেশের জনপ্রতিনিধি। ভারতীয় ডাক বিভাগ আর্ট অব লিভিঙের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কভার প্রকাশ করে। পোস্টাল ডিরেক্টর (বেঙ্গালুরু) গীতা রঞ্জন গুরুদেব সহ বিশিষ্ট জনদের হাতে তুলে দেন। এর পরেই বড় উপহার ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকারী। বলেন, আশ্রমের সামনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চায় তাঁর মন্ত্রক । গুরুদেবকে অনুরোধ জানান আজই এর ভূমিপূজন সম্পন্ন করতে। একে জন্মদিনের গুরুদক্ষিণা বলে উল্লেখ করেন তিনি।
সৎসঙ্গে শ্রী শ্রী রবিশঙ্কর বলেন, ধর্মপালন করতে হয় বিশ্বাসের সঙ্গে। যে কাজই আমরা করি না কেন, ঈশ্বরে বিশ্বাস থাকাটা প্রয়োজন। তাহলেই সবকিছুকে সুন্দর দেখায়।



