Barak UpdatesHappeningsBreaking News
শিলচর দূরদর্শনকে শীঘ্রই সচল করার দাবি জানায় ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি

ওয়েটুবরাক, ১১ জুলাই: দীর্ঘদিন থেকে দূরদর্শন কেন্দ্র, শিলচর-এর দুরবস্থা নিয়ে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি, শিলচর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ নিয়ে সরকারি উদাসীনতা খুবই পরিতাপের বলে সমিতি মত প্রকাশ করেছে।
তাঁদের কথায়, পঞ্চদশ ভাষাশহিদের উপত্যকার একমাত্র দূরদর্শন কেন্দ্রটির সার্বিক সংস্কার ও আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন একান্ত জরুরি। উপত্যকার চল্লিশ লক্ষাধিক বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের কৃষ্টি-সংস্কৃতির বিকাশের গুরুত্বপূর্ণ এই মাধ্যম দীর্ঘ অবহেলায় ধুঁকছে। এক সময়ের গুরুত্বপূর্ণ স্থানীয় সংবাদ প্রচারও অনেক দিন থেকে বন্ধ। দূরদর্শনে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার অঞ্চলের বৈচিত্র্যময় কৃষ্টি- সংস্কৃতি-অভিব্যক্তির প্রচার, প্রসার ও বিকাশের মাধ্যমও বটে।
চার দশক আগে ১৯৮৪ সালে নিম্ন ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার নিয়ে যাত্রা শুরু করে ক্রমে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটারের মাধ্যমে অতীতে সাড়ে তিন ঘন্টার স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। ২০২১ সালের ১৩ অক্টোবর থেকে স্থানীয় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
বর্তমান উন্নত তথ্য-প্রযুক্তির যুগে কেন্দ্রটির আধুনিকীকরণ করে স্যাটেলাইট ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার সময়ের দাবি বলে উল্লেখ করেন ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব কর।
তিনি জানান, শিলচর দূরদর্শন কেন্দ্রটিতে কর্মী সংখ্যা অনুমোদিত সংখ্যার মাত্র ৪০ শতাংশ। তাই অবিলম্বে শূন্য পদে উপযুক্ত কর্মী নিয়োগেরও দাবি জানান তাঁরা।
শিলচর দূরদর্শন কেন্দ্রের পুনরুজ্জীবনের জন্য রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ সম্প্রতি যে উদ্যোগ গ্রহণ করেছেন সমিতি সেই উদ্যোগকে স্বাগত এবং কুর্নিশ জানায়। উল্লেখ্য, গত ১৭ জুন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে শিলচর দূরদর্শনের উন্নয়নে এক বিস্তৃত প্রস্তাব পেশ করেন সাংসদ পুরকায়স্থ। এছাড়া গত ৭ জুলাই মঙ্গলবার প্রসার ভারতীর মহাপরিদর্শক রাজীব কুমার জৈনকে চিঠি লিখেও এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।



