Barak UpdatesHappeningsBreaking News
ধামাইল মহোৎসবের ঘোষণায় মন্ত্রী কৌশিককে সম্মিলিত লোক মঞ্চের কৃতজ্ঞতা

ওয়েটুবরাক, ১২ জুনঃ শিলচরে আগামী নভেম্বর -ডিসেম্বরে আয়োজিত হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব ধামাইল মহোৎসব। বুধবার শিলচরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাইয়ের এই ঘোষণায় উৎফুল্ল বরাক উপত্যকার লোকচর্চা বিষয়ক সংগঠন ‘সম্মিলিত লোকমঞ্চ শিলচর’। লোক সংস্কৃতির প্রচার ও প্রসার সহ ধামাইলকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে কাজ করে যাচ্ছে এই সংগঠন। আর স্বাভাবিক অর্থেই মন্ত্রী রাইয়ের এই ঘোষণায় সংস্থার কর্মকর্তাদের মধ্যে খুশির অন্ত নেই। সংস্থার সভাপতি থেকে শুরু করে প্রত্যেক সদস্য মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডঃ অনুপ কুমার রায় নিজের প্রতিক্রিয়ায় বলেন, মন্ত্রী কৌশিক রাই আমাদেরকে কথা দিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে আলোচনা করে বরাক উপত্যকার মাটিতে ধামাইল উৎসব আয়োজনের প্রচেষ্টা চালাবেন এবং গতকাল তিনি একথা ঘোষণা করে দিয়েছেন যে শিলচরে ধামাইল মহোৎসব হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কথা দিয়ে কথা রাখতে জানেন কৌশিক রাই, মন্তব্য ডঃ অনুপ রায়ের। এই ধামাইল মহোৎসবের জন্য সম্মিলিত লোকমঞ্চ যে কোনও ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন অনুপ রায়।
গত ১৭ নভেম্বর ২০২৪ সালে তদানীন্তন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে বরাক উপত্যকায় সরকারি ভাবে ধামাইল উৎসব আয়োজনের জন্য সম্মিলিত লোক মঞ্চের তরফে দাবি জানানো হয়েছিল। সে প্রসঙ্গ টেনে ড. রায় জানান, তাঁরা কৌশিক রাইকে এও বলেছিলেন যে, ধামাইল মূলতঃ সুরমা বরাকের লোক নৃত্য ও গীত। তবে তা বর্তমানে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে বিস্তার লাভ করেছে। সুরমা বরাকের জীবন শৈলী নৃত্য হচ্ছে ধামাইল।
সম্মিলিত লোকমঞ্চ শিলচর গত তিন বছর ধরে বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল উৎসব আয়োজন করে চলেছে। গত বছর সংস্থার ডাকে সাড়া দিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে ধামাইল উৎসবে এসেছিলেন মন্ত্রী রাই।
এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সম্মিলিত লোকমঞ্চের প্রচার সম্পাদক কমলেশ দাশ।


