Barak UpdatesHappeningsBreaking News

বার্তাজীবী সংঘের জুবিন স্মরণ, শ্রদ্ধা নিবেদন হাইলাকান্দি বিজেপি কার্যালয়েও

ওয়ে টু বরাক, ২১ সেপ্টেম্বর : সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোকস্তব্ধ হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ। রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ এবং হাইলাকান্দির স্থানীয় বাসিন্দা যুবক সৌরভ বরা সহ কয়েকজন অসমিয়া যুবকদের সহযোগিতায় শহরের একাদশ শহিদ সরণির ভাষা শহিদ স্মারকস্থলে জুবিন গার্গের বিশাল কাটআউট প্রতিচ্ছবি টাঙিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গুয়াহাটিতে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে যেতে না পারায় হাইলাকান্দিতে কর্মরত ব্রক্ষ্মপুত্র উপত্যকার যুবকরা একাদশ শহিদ সরণির ভাষা শহিদ স্মারকস্থলে জুবিন গার্গের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। পাশাপাশি গিটার বাজিয়ে জুবিন গার্গের কয়েকটি গান গেয়ে শোনান এই যুবকরা। হাইলাকান্দি জেলা বার্তাজীবী সংঘ ও ব্রক্ষ্মপুত্র উপত্যকার এসব অসমিয়া যুবাদের যৌথ ব্যবস্থাপনায় জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জানাতে শতাধিক লোক উপস্থিত হন। বার্তাজীবী সংঘ থেকে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানান সভাপতি অনিন্দ্য কুমার নাথ, সম্পাদক অনুপম সিংহ, কোষাধ্যক্ষ প্রভঞ্জন মালাকার, দীপঙ্কর দত্ত, জনি দাস প্রমুখ।

এ দিকে, শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে সৌরভ বরা সঙ্গীত শিল্পী পরিচালক হার্টথ্রব জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন হাইলাকান্দি শহরের প্রতিটি দোকান বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে সবার প্রিয় জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন করতে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, বিজেপির হাইলাকান্দি জেলা কমিটি রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দলের নেতা কর্মীরা মোমবাতি জ্বালিয়ে সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে অনুষ্ঠিত হয় শোকসভার। দলের সাধারণ সম্পাদক জওহরলাল নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত শোকসভায় জুবিন গার্গের একটি গান গেয়ে শোনান গৌতম গুপ্ত। সঙ্গীত শিল্পী জুবিন গার্গ নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন, জওহর নাথ, উপ-সভাপতি সঞ্জয় দে, দলের সাধারণ সম্পাদক সঞ্জয় রায়। পরে এক এক করে শ্রদ্ধাঞ্জলি জানান দলীয় নেতা কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker