Barak UpdatesHappeningsBreaking News

কংগ্রেস ছাড়লেন লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার

ওয়েটুবরাক, ৬ এপ্রিল : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিলেন গত লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার।

এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি বলেন, “এই দলকে আমি শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি স্বপ্ন হিসেবে দেখেছি। সেই বিশ্বাস নিয়েই আমি দিনরাত পরিশ্রম করেছি, মানুষের পাশে থেকেছি, সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই নিষ্ঠা ও ত্যাগের যথাযথ মূল্য আমি পাইনি।”

 

তাঁর বক্তব্য, “আমি বারবার সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেছি, কখনও চিঠির মাধ্যমে, কখনও ব্যক্তিগতভাবে—এই আশায় যে, হয়তো একদিন সেগুলোর প্রতি দৃষ্টি দেওয়া হবে। কিন্তু নেতৃত্বের নীরবতা আমাকে হতাশ করেছে। এই নীরবতা শুধু উপেক্ষা নয়, এটি একজন কর্মীর আত্মসম্মানকে আঘাত করে।”

 

সূর্যকান্তের গুরুতর অভিযোগ, “অনেক সময় মনে হয়েছে যে আমার কথা গুরুত্ব পায়নি শুধুমাত্র আমার তফসিলভুক্ত সম্প্রদায়ের পরিচয়ের কারণে। যদি তা সত্যি হয়, তবে এটি কেবল ব্যক্তিগত অবমাননা নয়, এটি দলের সংবিধানের অনুচ্ছেদ ৬(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং কংগ্রেসের বহুল প্রচারিত সাম্য ও অন্তর্ভুক্তির আদর্শের পরিপন্থী।”

অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন তোলেন সূর্য। তাঁর কথায়, বরাক উপত্যকায় যেভাবে সাংগঠনিক নিয়োগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাতে যোগ্যতা, পরিশ্রম ও তৃণমূল স্তরের অবদান অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে। প্রকৃত কর্মীদের পরিশ্রম যেন অদৃশ্য হয়ে যাচ্ছে—এমন অনুভূতি আজ তীব্রভাবে কাজ করছে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকা আর সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker