India & World UpdatesHappeningsBreaking News
জামাতকে নিষিদ্ধ করার দাবি বিএনপি সাংসদের
ওয়েটুবরাক, ৩০ জুন : ক্ষমতাসীন দল বিএনপি কট্টরপন্থী জামাত ইসলামি বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বিএনপি-র মন্তব্য থেকে পরিষ্কার তারা আওয়ামি লিগকে আবারও বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছে।
২০২৪ সালের আন্দোলনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতন ঘটে। এরপর জামাত ইসলামের ওপর থাকা পুরনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের রায়ে দলটি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পায়। ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জামাত ৬৮টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে বিএনপি নেতা তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের সামনে দলটি এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
এই সময়ে বাংলাদেশের সংসদে বিএনপির সাংসদ রফিকুল ইসলাম জামাত ইসলামির রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান। দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা দলগুলিকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় এবং তাদের সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার। তিনি বলেন, দলের নামে ‘ইসলাম’ শব্দ থাকলেই সেই দল ইসলামের প্রতিনিধিত্ব করে না। পাশাপাশি তিনি মসজিদকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পক্ষেও মত দেন।
বিএনপির এই দাবির কড়া জবাব দেন জামাত ইসলামির সাংসদ এটিএম আজহারুল ইসলাম। সংসদে তিনি প্রশ্ন তোলেন, ‘ধরুন আমাদের নিষিদ্ধ করা হল, তাহলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করতে চান?’ তিনি আরও প্রশ্ন তোলেন, বিএনপি কি আওয়ামি লিগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে?



