Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শোভনলাল মেহেরা প্রয়াত

ওয়েটুবরাক, ২১ মে : গৌড়ীয় নৃত্যকলা ভারতীর কার্যকরী সভাপতি শোভন লাল মেহেরা গত ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তিনি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের টি জি টি শিক্ষক। মূল বাড়ি জয়পুর রাজাবাজারে।
মৃত্যু কালে শোকাহত পরিবারে রেখে গেছেন ছোটভাই সন্দীপ মেহেরা, ছোট বোন অর্চনা মেহেরা, জামাতা সঞ্জয় সহ অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের।
তাঁর অকালপ্রয়াণে শিলচর, জয়পুর, ত্রিপুরা এবং কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে শোকের ছায়া নেমে আসে। গৌড়ীয় নৃত্যকলা ভারতী প্রত্যেক সদস্যের কাছে তিনি ছিলেন ‘মেহেরা আঙ্কেল’। তাঁর এই জায়গা গৌড়ীয় নৃত্যকলা ভারতী কখনও পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংগঠনের অন্যতম কর্মকর্তা সত্যজিৎ বসু। তিনি জানান, মেহেরা একজন সংস্কৃতিমনস্ক মানুষ ছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বরাক উপত্যকার অনেক সংস্থার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নানা সামাজিক কাজকর্মে লিপ্ত ছিলেন। করোনাকালে অনেক মানুষকে নানাভাবে সাহায্য করেছেন। খেলাধূলার প্রতিও ছিল তাঁর প্রচণ্ড ভালোবাসা। নিজে খুব ভালো বেডমিন্টন খেলতেন, খেলতেন ক্রিকেটও। তিনি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সদস্য ছিলেন, ছিলেন শিলচর পলিটেকনিকেরও প্রাক্তনী।



