India & World UpdatesHappeningsBreaking News
‘ইন্ডিয়া’ জোট সক্রিয় করে তুলতে চাইছে কংগ্রেস

ওয়েটুবরাক, ৩০ মে : কংগ্রেস চাইছে দ্রুত ‘ইন্ডিয়া’ জোটকে সক্রিয় করে তুলতে। সেই লক্ষ্যে আগামী জুন মাসের প্রথমার্ধে দিল্লিতে জোট শরিকদের বৈঠক ডাকার তোড়জোড় শুরু হয়েছে।
একই সঙ্গে শুরু হয়েছে জোটে নতুন শরিকদের নিয়ে আসার চেষ্টা। সে জন্য ওডিশার বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়ক ও অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্ডিয়া জোট কখনও সেভাবে জমাট বাঁধতে পারেনি। শুরুর সময় জেডিইউ নেতা নীতীশ কুমার নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন। তাঁকে সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কংগ্রেসের রাহুল গান্ধীকে কখনও নেতা হিসেবে মানতে চাননি। পরবর্তী সময় জেডিইউ সরে যায়। তারা বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধে। নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা যদিও বন্ধ করেননি মমতা। ঠারেঠোরে বোঝাতে থাকেন, তিনিই নেতৃত্বদানের উপযুক্ত। সেজন্য সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে কাছে টানার চেষ্টা করেন। ফলে বিজেপি বিরোধিতায় কখনও সেই অর্থে ‘ইন্ডিয়া’ জোটবদ্ধ থাকতে পারেনি। সাম্প্রতিক ভোটের ফলাফল সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। মমতা–‘মিথ’ ধূলিসাৎ হয়েছে পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে হীনবল হয়েছে শিবসেনা, এনসিপিও। কেরলমে বামপন্থীরা পরাস্ত। এই সুযোগটাকেই কংগ্রেস কাজে লাগাতে চাইছে।
