Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে ফেরার পথে কাটিগড়ায় ৯ সন্দেহভাজন রোহিঙ্গা শরণার্থী আটক

ওয়ে টু বরাক, ১৩ আগস্ট : অবৈধ সীমান্ত পারাপার রোধে এক বিশেষ অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় অসমের কাছাড় জেলার ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে নয়জনকে আটক করা হয়েছে। এদের রোহিঙ্গা শরণার্থী বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় আটক হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন প্রায় সন্ধ্যা ৭টার দিকে কাটিগড়ায় সীমান্ত সংলগ্ন স্থানে এদের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান বাসিন্দারা। তারা কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তিদের পরিচয় সম্পর্কে সন্দেহ জাগে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেন।
ধৃতরা জানিয়েছে, তারা প্রায় ২০–২২ বছর আগে পরিবারের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তারপর থেকে হায়দরাবাদে বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। তবে কেন তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল, তা এখনও স্পষ্ট নয়। নিরাপত্তা সংস্থাগুলির সন্দেহ, বিষয়টি ব্যক্তিগত বা পারিবারিক কারণে হতে পারে।
সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যে তাদের হেফাজতে নিয়েছে। তাঁরা আসলে কোন দেশের নাগরিক, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি অভিবাসন আইন এবং নিরাপত্তা প্রোটোকল অনুসারে পরীক্ষা করা হবে এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রাখা হবে।



