Barak UpdatesHappeningsBreaking News
ভেঙে পড়ল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ, অল্পে রক্ষা অধ্যাপকের

ওয়ে টু বরাক, ২০ মে : কয়েক দশকের স্মৃতি ঘেরা শিলচর গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি মঙ্গলবার সকালে হঠাৎ করেই ভেঙে পড়ল। আর এই ঘটনায় বরাতজোরে বেঁচে গেলেন অধ্যাপক চন্দন পালচৌধুরী। এ দিন সকাল সাড়ে ১১টা থেকে কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হওয়ার ৫-১০ মিনিট আগে অধ্যাপক তাঁর গাড়ি নিয়ে কলেজে প্রবেশ করেন। কলেজ ক্যাম্পাসে থাকা কাঁঠাল গাছটির নিচে গাড়ি পার্ক করে ভেতর থেকে বেরিয়ে আসার আগেই আচমকা হুড়মুড়িয়ে আস্ত গাছটি উপড়ে পড়ে। গাছের ডাল পাতায় গাড়িটিই চাপা পড়ে যায়। এরপর অন্যদের সাহায্যে চন্দনবাবু কোনওমতে গাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে তিনি কোনও আঘাত পাননি।
এরপর বিশাল আকারের কাঁঠাল গাছটির ডাল কেটে জায়গা পরিস্কার করতে উদ্যোগী হন কলেজ কর্তৃপক্ষ। তবে ওই সময় গাছের নিচে কোনও পড়ুয়া ছিল না। মূলত পরীক্ষা চলতে থাকায় কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের তেমন কোনও আনাগোনা ছিল না। আর এতেই বড় ধরনের বিপদ কেটে যায়। মাত্র কয়েকদিন আগে এই কাঁঠাল গাছটিরই একটি বড় অংশ হঠাৎ করে ভেঙে পড়ে। আর এতে কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গিয়েছিলেন। অধ্যক্ষ জানিয়েছেন, তাঁরা কয়েক দশক পুরনো এই গাছটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তৎপর হয়েছিলেন। কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগও গাছের অবস্থান ও প্রকৃতি ভালভাবে খতিয়ে দেখে। কিন্তু শেষ পর্যন্ত আজ সকালে পুরো গাছই ভেঙে পড়ল।
এ দিকে, কয়েক দশক পুরনো এই গাছটি ঘিরে বহু পড়ুয়ার আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেরই কলেজ জীবনের সাক্ষী এই গাছটি। যারা কয়েক দশক আগেও এই কলেজে পড়াশোনা করেছেন, তারাও এই বিশাল গাছের ছায়ায় অনেকটা সময় কাটিয়েছেন। ফলে কয়েক প্রজন্মের বেড়ে ওঠার সাক্ষী এই কাঁঠাল গাছটি। কিন্তু আচমকা এটি সমূলে উৎপাটিত হওয়ায় বহু প্রাক্তনীর মনেও ধাক্কা লেগেছে। একটি গাছ যে কীভাবে মানুষের জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে যেতে পারে, গুরুচরণ কলেজের এই কাঁঠাল গাছটি তার প্রমাণ।



