India & World UpdatesSportsBreaking News
হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার

নতুনদিল্লি, ৭ মে : ভারতীয় ক্রিকেটে শেষ হল আরও এক বর্ণময় অধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা করেন রোহিত শর্মা। তিনি লেখেন, “সবাইকে হ্যালো, আমি শুধু এটা জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক পরম সম্মানের। বছরের পর বছর ধরে ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।”
২০১৩ সালে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রোহিত শর্মার। ৬৭টি টেস্টে ৪৩০১ রান, ১২টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। যদিও কেরিয়ারের শেষ পর্বে ব্যাট হাতে তিনি হতাশ করছিলেন। অস্ট্রেলিয়া সফরে টানা ব্যর্থতা রোহিতকে নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছিল। যেখানে তাঁর রানের গড় ছিল মাত্র ১০.৯৩।
ইংল্যান্ড সফরের আগে রোহিত শর্মার এই অবসরের ঘোষণা কার্যত ভারতীয় শিবিরে ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রোহিতের পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। রোহিতের অবসরের ঘোষণার ফলে, ইংল্যান্ডে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হবে বিসিসিআইকে। সিরিজ শুরু হতে চলেছে আগামী ২০ জুন।


