Barak UpdatesHappeningsBreaking News

কাল থেকে শিলচরে বরাকবঙ্গের আয়োজনে মুজতবা আলী  সাহিত্য উৎসব

ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর  :  শনিবার থেকে শিলচরে শুরু হচ্ছে দুদিনের ‘কথা সাহিত্যিক মুজতবা আলী সাহিত্য উৎসব’। বরাক উপত্যকার সুসন্তান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতনের ছাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কথা সাহিত্যিক মুজতবা আলীর ১২২ তম জন্মতিথি উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর বঙ্গভবনে এই সাহিত্য উৎসবের আয়োজন করেছে।  উৎসবের উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর   ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র ও বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন মুজতবা গবেষক অধ্যাপক মিথিলেশ চক্রবর্তী।
         শনিবার বিকেল চারটায় শিলচর বঙ্গভবনের চতুর্থ তলের সভাকক্ষে এই সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর শুরু হবে মূল আলোচনা পর্ব।    রবিবার  উৎসবের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে মুজতবা আলীর সাহিত্য ও জীবন নিয়ে গবেষণাপত্র পাঠ ও আলোচনা। এতে পৌরোহিত্য করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য । এই পর্বে বরাক উপত্যকার তিন জেলার    বিভিন্ন মহাবিদ্যালয় এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকরা অংশ নেবেন। এতে বীজ ভাষণ উপস্থাপন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দীপেন্দু দাস। দুপুর ২টা থেকে শুরু হবে তৃতীয় ও শেষ পর্বের অনুষ্ঠান। এতে স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন উপত্যকার বিশিষ্ট কবিরা। সম্মেলনের কেন্দ্রীয় সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকছে কাছাড় জেলা সমিতি।
       বরাকবঙ্গ ২০১৪ সাল থেকে মুজতবা আলী সাহিত্য উৎসব আয়োজন করে আসছে।  গত বছর এই সাহিত্য উৎসব শ্রীভূমিতে আয়োজন করা  হয়েছিল। পাশাপাশি সম্মেলনের প্রত্যেকটি জেলা ও আঞ্চলিক সমিতিও প্রতি বছর ১৩  সেপ্টেম্বর মুজতবা আলীর জন্মদিন উদযাপন করে আসছে। বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  গৌতম প্রসাদ দত্ত এ তথ্য জানিয়ে বলেছেন, সাংগঠনিক রীতি অনুসারে এক একটি জেলায় এক এক বছর মুজতবা আলী সাহিত্য উৎসব আয়োজন করা হয়ে থাকে। এই পর্যায়ে এবার কাছাড় জেলার সদর শিলচরে এই উৎসব আয়োজন করা হয়েছে। কেন এই উৎসব সে সম্পর্কে তিনি জানান, করিমগঞ্জ অধনা  শ্রীভূমিতে ১৯০৪ সালে জন্মগ্রহণ করা  মুজতবা আলী শুধু রবীন্দ্রনাথের স্নেহধন্যই ছিলেন তা নয়, কবিগুরুর স্নেহস্পর্শেই তিনি সাহিত্য রচনা শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বময়। একাধিক ভাষায় সুপণ্ডিত মুজতবা আলীর সাহিত্য ও রচনাকে নুতন প্রজন্মের সামনে উপস্থাপন এবং এ অঞ্চলের গৌরবগাথা তুলে ধরতেই সম্মেলন এই উৎসবের আয়োজন করে আসছে। এ বছরও উপত্যকার জেলাগুলোতে  মুজতবার    জন্মদিন ভাবগম্ভীর ভাবে উদযাপন করা হবে বলে তিনি জানান।
     এদিকে আগামী শনি ও রবিবার শিলচর বঙ্গভবনে আয়োজিত এই সাহিত্য উৎসবের  সবগুলো কর্মসূচিতে যোগদানের জন্য সম্মেলনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত সাহিত্য অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker