Barak UpdatesHappeningsBreaking News

অ্যাসিড হামলার হুমকি দিয়ে নাবালিকা ধর্ষণে জড়িত মূল অভিযুক্ত গ্রেফতার

ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: অ্যাসিড হামলার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণে জড়িত মূল অভিযুক্ত রোহিত বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। সোমবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরের কাছে থেকে পুলিশ তাকে ধরেছে।  অভিযুক্ত এতদিন গোয়ায় লুকিয়ে ছিল, সেখান থেকে ফিরে আসার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

 

কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ সহ বিএনএস ও পকসো আইনের একাধিক ধারায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

 এই মামলায় অভিযুক্তের বাবা রমাকান্ত বিশ্বাসকে আগেই গ্রেফতার করা হয়েছে। তিনি তাঁর ছেলের অপরাধে মদত দিয়েছিলেন এবং নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

 

গত ১৫ ডিসেম্বর ১৬ বছরের ওই স্কুলছাত্রী মালুগ্রাম থানায় অভিযোগে জানায়, অভিযুক্ত প্রথমে তাঁকে প্রেমের প্রস্তাব দেয়, সে তা প্রত্যাখ্যান করে। এর পরেও ভালো ব্যবহার করে বন্ধুত্বের কথা বলে যোগাযোগ বাড়ায় অভিযুক্ত। এক সময় সে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে শুরু করে, হোটেলে যাওয়ার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তার ব্যবহার বদলে যায়।

 

অভিযোগ, একদিন সে বাড়িতে একা থাকার সময় অভিযুক্ত জোর করে বাড়িতে ঢুকে তাঁর ছবি তোলে। এরপর অ্যাসিড হামলার হুমকি দিয়ে এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে যৌন নির্যাতনে বাধ্য করা হয়।

 

শুধু তাই নয়, এআই ব্যবহার করে ডিপফেক ভিডিয়ো তৈরি করে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তা ছড়িয়ে দেয় বলেও অভিযোগ। ওই অ্যাকাউন্ট থেকেই নির্যাতিতা ও তাঁর ভাইকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। নির্যাতিতা আরও জানান, লাগাতার মানসিক নির্যাতনের ফলে একবার তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

 

এই মামলায় অভিযুক্তের বাবার ভূমিকাও গুরুতর বলে জানিয়েছেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস।  তিনি বলেন, এফআইআরে অভিযুক্তের বাবার নামও রয়েছে। তিনি শুধু ছেলের অপরাধে সমর্থন জানাননি, নির্যাতিতা ও তার পরিবারকে হুমকিও দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই রমাকান্তকে গ্রেফতার করা হয়। এবার ধরা পড়ল তার ছেলে রোহিতও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker