Barak UpdatesHappeningsBreaking News
সদর থানার পুলিশ কর্মীদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে উদযাপন লায়ন্স ভ্যালিভিউ-র

ওয়ে টু বরাক, ৩ আগস্ট : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ রবিবার যথেষ্ট উৎসাহ-উদ্দীপনায় শিলচর সদর থানার পুলিশ কর্মীদের সঙ্গে ‘ফ্রেন্ডশিপ ডে’ উদযাপন করেছে। ক্লাবের সদস্যরা সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এ দিন সদর থানা পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের হাতে ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’ বেঁধে দেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত পুলিশ কর্মীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
এই দিনের তাৎপর্য এবং মূল্য ব্যাখ্যা করতে গিয়ে বন্দিতা ত্রিবেদী রায় ও প্রজেক্ট চেয়ারপার্সন মৃন্ময় রায় জানান, এই দিনটি উদযাপনের উদ্দেশ্য সমাজের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে “আপদের বন্ধু-ই প্রকৃত বন্ধু” এবং প্রকৃত বন্ধুত্ব সর্বদা ইতিবাচক ফল দেয়। তাঁরা সমাজকে এ ধরনের বন্ধনকে আরও উৎসাহিত করার আহ্বান জানান। এই বন্ধন একটি সমাজকে সমৃদ্ধ করে তোলে।

সদর থানার অফিসার ইনচার্জ অমৃত সিং এই ইতিবাচক উদ্যোগের জন্য ক্লাব ভ্যালিভিউ-কে ধন্যবাদ জানান এবং বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক সমাজকে ভালো রাখতে এবং দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ দূর করতে সহায়তা করতে পারে। এখানে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন শেখ সহিদুল ইসলাম, গোপাল তালুকদার, প্রণবজ্যোতি চৌধুরী, অনহয় বসুমতারি প্রমুখ। সব পুলিশ কর্মীই এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। ক্লাব ভ্যালিভিউ-র সদস্যদের মধ্যে ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, মিনারা লস্কর, পুষ্পাবতী রায় এবং প্রশান্ত ভট্টাচার্য।



