Barak UpdatesHappeningsBreaking News
সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষায় প্রথম খেয়ালী-ফারহান

ওয়েটুবরাক, ১১ নভেম্বরঃ সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষার ফলাফল ঘোষণা করে রবিবার স্থানাধিকারীদের পুরস্কৃত করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, ইয়ুথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি। এই উপলক্ষে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ। তিনি ক ও খ উভয় বিভাগের স্থানাধিকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বইয়ের বাইরে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহীদের করে তোলে এই ধরনের প্রতিযোগিতা। আজকের সময়ে এগুলির খুব প্রয়োজন। শুধু বইয়ের মধ্যে নিজেদের আটকে রাখলে আর চলে না। নিজেকে সুদর্শনের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁর স্মৃতিতে এমন আয়োজন একেবারেই যথার্থ। ড. নাগের আক্ষেপ, সুদর্শনকে আরও অন্তত ২০টি বছর পেলে সমাজের অকল্পনীয় উপকার হতো, তা থেকে বঞ্চিত হলো এই উপত্যকা।
সুদর্শনের স্ত্রী মৌমিতা গুপ্ত এবং সাংবাদিক উত্তমকুমার সাহাও অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রভা রাজকুমারী, শর্মিষ্ঠা চাকী, শিল্পী ভট্টাচার্য, সঞ্জীব রায়, পুষ্পবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায়, অনুপ রায়. মিনারা লস্কর, সুবীর দে, সজলকান্তি দাস, পি্ংকি সিংহ দাস, প্রণয় নাগ, সাহেবউদ্দিন আহমেদ, আহাদ বড়ভুইয়া প্রমুখ।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষায় ক বিভাগে (সপ্তম-অষ্টম শ্রেণি) প্রথম স্থান অধিকার করেছে ডেফোডিলস স্কুলের খেয়ালী দাশগুপ্ত, দ্বিতীয় টেগোর পাবলিক স্কুলের ফৈজান আক্তার বড়লস্কর এবং তৃতীয় হয়েছে এমএম বালিকা বিদ্যানিকেতনের পূজা দাস।

নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের খ বিভাগে প্রথম হয়েছে টেগোর পাবলিক স্কুলের ফারহান আক্তার বড়লস্কর, দ্বিতীয় ডেফোডিলস স্কুলের আবিদুর রহমান মজুমদার এবং তৃতীয় স্থান অধিকার করেছে এমএম বালিকা বিদ্যানিকেতনের বৃষ্টি দাস। এই বিভাগে সাতটি শান্তনা পুরস্কারও দেওয়া হয়েছে। তারা হলো ক্রমে দেবারতি দে, তানিয়া সরকার, মীর জুনেদ আলি, রিয়া দাস, মোনালিকা চন্দ, আদিল বড়ভুইয়া ও শর্মিষ্ঠা দাস।
প্রসঙ্গত, খ বিভাগে প্রথম ফারহান ও ক বিভাগে দ্বিতীয় ফৈজান দুই ভাই।


