Barak UpdatesHappeningsBreaking News
ফের উৎপত্তিস্থল কাছাড় ! ৪.৩ মাত্রার ভূমিকম্পেই প্রবল ঝাঁকুনি

ওয়েটুবরাক, ১২ এপ্রিল: রবিবার সকালে বরাক উপত্যকা সহ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এন এস জি) তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২১ মিনিট ৫৮ সেকেন্ডে কেঁপে ওঠে দক্ষিণ অসমের বৃহত্তর এলাকা। এই কম্পনের উৎপত্তিস্থল কাছাড় জেলা। ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরতায় এর সৃষ্টি বলেই জানিয়েছে এন এস জি।
এর দরুন শিলচর সহ কাছাড় জেলা জুড়ে প্রবল ঝাঁকুনি টের পাওয়া যায়। কম্পন অনুভূত হয় শ্রীভূমি, হাইলাকান্দি জেলায় এবং বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতেও। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় বার ভূমিকম্প হল এই অঞ্চলে, যার উৎপত্তিস্থল কাছাড় জেলা। এমন ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৭ এপ্রিলের কম্পনের তীব্রতা অবশ্য আরও বেশি ছিল —- ৪.৯ রিখটার।



