Barak UpdatesHappeningsBreaking News

বরাক ফোরামের আয়োজনে মাতৃভাষা দক্ষতা নিরূপণ পরীক্ষা অনুষ্ঠিত

ওয়েটুবরাক, ২৫ অক্টোবর: আজ শনিবার শিলচর নেতাজি বিদ্যাভবন বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বরাক ফোরামের উদ্যোগে আয়োজিত হয় “মাতৃভাষায় দক্ষতা নিরুপণ পরীক্ষা, ভাষা বাংলা” । এই পরীক্ষায় ছয়টি সরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় ও ছয়টি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অভ্যন্তরীণ তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চম্পক সাহা, সৌরভ দে এবং সারদা দেব। বাহ্যিক তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক ঝুমুর পান্ডে এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শান্তনু পাল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশে ঝুমুর পান্ডে বলেন, মাতৃভাষাকে অবশ্যই ভালবাসতে হয়। মাতৃভাষা ভালোভাবে শিখলে পরবর্তীতে অন্য ভাষা শিখতেও সুবিধা হয়।

 শান্তনু পাল বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের নাগরিক। তাই আগামী দিনের সুনাগরিক হয়ে উঠতে হলে ছাত্রজীবনেই তার ভিত্তি গড়ে তুলতে হবে। যদি বলা হয়, কেউ তার নিজের মাতৃভাষা ভালো করে বলতে পারে না, লিখতে পারে না, তাহলে সেটা খুবই লজ্জার বিষয়। মাতৃভাষায় দক্ষতা একজন মানুষের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারে।

অংশগ্রহণকারী স্কুলের পক্ষ থেকে আগত শিক্ষকরাও বরাক ফোরামের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

দুপুর একটা থেকে দুটা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মাতৃভাষায় দক্ষতা নিরুপণ করা এবং ভাষাচর্চায় তাদেরকে আরও উৎসাহিত করা। বরাক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক দোলনচাঁপা দাস পাল, আহ্বায়ক তথা এই পরীক্ষার সমন্বয়ক দীপায়ন পাল, আরও দুই আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত ও অভিজিৎ পাল। সব উত্তরপত্র পরীক্ষা করার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন এবং স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের বরাক ফোরামের পক্ষ থেকে জানানো হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হবে এবং সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরকে শংসাপত্র এবং উপহার প্রদান করা হবে।

বরাক ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker