Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বদলের ফের চেষ্টা, বরাকের পরিচয় রক্ষার ডাক বরাকবঙ্গের
1 hour ago
ওয়েটুবরাক,২৮ নভেম্বর : ইতিহাসের প্রেক্ষাপটে বরাক উপত্যকার আত্মপরিচয় ও সুদীর্ঘ কালের সংগ্রামে অর্জিত অধিকার খর্ব করার ধারাবাহিক প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস বদলে দিতে পর্দার আড়ালে যে তৎপরতা চলছে তা আরও একবার স্পষ্টভাবে আলোয় এসেছে। এমনই অভিমত ব্যক্ত করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
রাজ্যের সম্মানিত ব্যক্তিত্ব, নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য সমুদ্রগুপ্ত কাশ্যপ শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়কে বিদেশী বিতাড়ন আন্দোলনের জেরে স্বাক্ষরিত আসাম চুক্তির ফসল বলে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মন্তব্য করেছেন। এই বিষয়টি টেনে সম্মেলনের মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত শনিবার এক বিবৃতিতে বলেছেন, উচ্চশিক্ষার অধিকার আদায়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বরাক উপত্যকার সংগ্রামের বরাবর বিরোধিতা করে যাওয়া মহলগুলো এখন এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কৃতিত্ব আদায়ের নামে ইতিহাস বদলে দিতে চাইছেন।
বরাকবঙ্গের মুখপাত্র দত্ত বিবৃতিতে বলেছেন,আসাম চুক্তির মূল বয়ানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনও কথাই ছিল না, অথচ বারবার ইতিহাসের বিকৃতি ঘটিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা আসাম বিশ্ববিদ্যালয়কে চুক্তির ফসল উল্লেখ করে যাচ্ছেন। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম সমাবর্তন উৎসবে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী স্থলপরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, রাজ্যের তৎকালীন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের ওই সময়ের সাংসদ রাজদীপ রায়কে সামনে রেখে বলেছিলেন আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল। উপস্থিত কেউ এই তথ্য সংশোধনে এগিয়ে আসেননি। আবার ২০২৫ সালের মে মাসে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের এক বিশিষ্ট অধ্যাপক একই কথার পুনরাবৃত্তি করেছিলেন। গত সপ্তাহে একই বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বিশিষ্ট লেখক সমুদ্রগুপ্ত কাশ্যপ আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির উপহার বলে মন্তব্য করেছেন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকর্তা এই তথ্য সংশোধন করেননি। এটা বরাকের জনগণের কাছে বাস্তবকই পীড়াদায়ক।
বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসের কথা উল্লেখ করে মুখপাত্র দত্ত বিবৃতিতে বলেছেন, বরাকের পড়ুয়াদের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় গিয়ে পড়াশুনা করা নিরাপত্তার অভাবে যখন কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছিল তখন উপত্যকার বরেণ্য ব্যক্তিত্ব প্রেমেন্দ্রমোহন গোস্বামী নেতৃত্বাধীন শিক্ষা সংরক্ষণ সমিতি বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে জনমত সংগঠনে নেমেছিল। প্রাথমিক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উপত্যকার দল মত নির্বিশেষে অধিকাংশ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি এই দাবির স্বপক্ষে দাঁড়িয়ে ছিলেন। ছাত্র সংগঠন আকসা এই দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল।ওই সময় পর্যন্ত ব্রহ্মপুত্র উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনও দাবিই উত্থাপিত হয়নি । সঙ্গতভাবেই আসাম চুক্তিতেও তার উল্লেখ ছিল না।
কিন্তু ১৯৮৯ সালে বরাকে আন্দোলনের চাপে ও কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের লাগাতার প্রয়াসে রাজীব গান্ধী নেতৃত্বাধীন সরকার সংসদে আসাম বিশ্ববিদ্যালয় বিল পেশ করে। আজকে যাঁরা এই বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের দাবিদার সেদিন তাদের ভূমিকা ছিল সম্পূর্ণ বিপরীত। বিভিন্নভাবে বিলের বিরোধিতা করা হয়। রাজ্যসভায় তৎকালীন অগপ সাংসদ বিজয়া চক্রবর্তী বিলের কপি সংসদের ভেতরে ছিড়ে ফেলেন। অপর অগপ সাংসদ নগেন শইকিয়া প্লেকার্ড নিয়ে বিলের বিরোধিতায় নেমেছিলেন। চুক্তি স্বাক্ষরকারী আসু থেকে গড়ে ওঠা অগপ দল ও তার নেতৃত্বাধীন সরকার সরাসরি আসাম বিশ্ববিদ্যালয় বিলের বিরোধিতায় নামেন। তখন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুত্রের উত্তর পারে স্থাপনের দাবি উত্থাপিত হয়, এমনকি আসাম বিশ্ববিদ্যালয় এই নামটি নিয়ে শিলচরে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক এতেও আপত্তি জানানো হয়। প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন তৎকালীন রাজ্য সরকার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শুধু বিরোধিতাই করেননি, জমি বরাদ্দ করার ক্ষেত্রেও চূড়ান্ত অসহযোগিতা করেন। এতে গোটা আসাম বিশ্ববিদ্যালয় প্রস্তাবটি হিমঘরে চলে যায় ।১৯৯৩ সালে নরসিমা রাও নেতৃত্বাধীন সরকার তেজপুরে আরেকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরোধিতায় ব্রহ্মপুত্র উপত্যকার রাজনৈতিক ও বৌদ্ধিক মহলের তৎপরতা ছিল অব্যাহত। ১৯৯৪ সালে ২১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও শিলচরে এসে দরগাকোনায় বিশ্ববিদ্যালয়ের ফলককে অবগুন্ঠনে রেখেই সভা করে তেজপুর চলে যান। আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই আসাম বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। এর কিছুদিন পর সুর বদলে এই বিশ্ববিদ্যালয়কে আসাম চুক্তির ফসল বলে প্রচার চালিয়ে তার স্থাপনের ইতিহাস বদলে দিতে প্রণালীবদ্ধভাবে চেষ্টা শুরু হয়। আসাম চুক্তি রূপায়ন দপ্তর এই ধারায় প্রচারকে সরকারি সিলমোহর দেয়। বরাক উপত্যকা থেকে দীর্ঘদিন ধরে এই সরকারি নথি সংশোধনের দাবি তোলার পরও কোনও হেলদোল চোখে পড়েনি। সমুদ্র গুপ্ত কাশ্যপের সাম্প্রতিক বয়ান তারই সর্বশেষ নজির।
এসব কথা উল্লেখ করে বরাকবঙ্গের মুখপাত্র গৌতম প্রসাদ দত্ত বিবৃতিতে বলেছেন, আসাম বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৩২ বছরে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষ ইতিহাস প্রণয়ন না করায় তথ্য বিকৃতি অনায়াসে চলছে। ভাষা আন্দোলনের ফসল এই বিশ্ববিদ্যালয় এই তথ্যটি সরকারিভাবে স্বীকার করতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কুন্ঠাবোধ আজও পরিলক্ষিত হচ্ছে। বরাক উপত্যকার আত্মপরিচয় এবং জনবিন্যাসের প্রকৃত চরিত্র বদলে দিয়ে এই অঞ্চলের জনগণের সংবিধান প্রদত্ত অধিকারগুলো সুকৌশলে খর্ব করতে সরকারি এবং বেসরকারিভাবে যে লাগাতার প্রয়াস চলছে বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস বিকৃতির উদ্যম সেই স্রোতধারার সঙ্গেই সম্পৃক্ত বলে মুখপাত্র দত্ত মন্তব্য করেছেন । উগ্র জাতীয়তাবাদী ভাবধারায় বরাকে অবদমনের সুতীব্র আকাঙ্ক্ষা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রীতির সম্পর্ক গড়ার যে আবহ তৈরি হয়েছে তা নষ্ট করে দিতে পারে বলে বিবৃতিতে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন।এই পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে উপত্যকার সচেতন জনগণকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বরাকের পরিচয় রক্ষায় সোচ্চার হবার আহবানও রেখেছেন বরাকবঙ্গের মুখপাত্র ।



