Barak UpdatesHappeningsBreaking News
বরাক উপত্যকায়ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু নানক জন্মজয়ন্তী
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম গুরু নানক দেবের ৫৫৭-তম জন্মবার্ষিকী আজ বরাক উপত্যকাতেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে পালিত হয় । গুরুপরব বা প্রকাশ পর্ব উপলক্ষে এদিন শিলচরের এন.এন. দত্ত রোড স্থিত গুরুদুয়ারা শ্রীগুরু সিং সভায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের অখণ্ড পাঠ হয়। পাশাপাশি দিনভর গুরুদুয়ারা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক কীর্তন। গুরু নানকের বাণী —– মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব ও সেবার আদর্শ স্মরণ করে প্রার্থনায় অংশ নেন অসংখ্য ভক্ত।
নানক জয়ন্তী উপলক্ষে গুরুদুয়ারায় আয়োজন করা হয় বিশেষ লঙ্গরেরও। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ছিল বিনামূল্যে খাবারের ব্যবস্থা ।
ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার আবহে শ্রীভূমিতেও গুরু নানক দেবের ৫৫৭-তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় আজ । শহরের সুভাষনগর রোডে অনুষ্ঠিত হয় পূজা, প্রার্থনা , লঙ্গর ইত্যাদি কার্যক্রম ।



