India & World UpdatesHappeningsBreaking News
কৃষ্ণজন্মভূমি নিয়ে বিজেপির সুর চড়া, সংযত বিশ্ব হিন্দু পরিষদ

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মথুরার কৃষ্ণজন্মভূমি ইস্যুকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে নিয়ে আসতে চাইছে বিজেপি। তবে এই বিতর্কিত বিষয়কে কেন্দ্র করে এখনই বড় ধরনের গণআন্দোলনে নামতে নারাজ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি আপাতত আদালতের মাধ্যমেই দাবি আদায়ের পথে এগোতে চায়।
বুধবার ভিএইচপির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট। বিষয়টি আদালতে বিচারাধীন। মেরিটের ভিত্তিতে আমাদের মামলার যথেষ্ট জোর রয়েছে। তাই আমরা শুধু বিচারবিভাগীয় পথেই এগোব। লক্ষ্য অর্জনে সাংবিধানিক পদ্ধতির প্রতি ভিএইচপি দায়বদ্ধ।”
উল্লেখ্য, মথুরার ১৩.৩৭ একর জমিতে অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ চত্বর সংক্রান্ত মামলাটি আগামী ২০ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি অবনীশ সাক্সেনার বেঞ্চে উঠতে চলেছে। এই পরিস্থিতিতে আদালতের উপর আস্থা রেখে আন্দোলনের পথে না হাঁটার ভিএইচপির সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

