Barak UpdatesHappeningsBreaking News

জরুরি অবস্থার সময়ে আরএসএসকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, শিলচরের সভায় বললেন ভাগবত

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: বারবার সংগঠনকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। এমনকী জরুরি অবস্থার সময়েও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) নিষিদ্ধ ও ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে শতবর্ষের যাত্রা সম্পূর্ণ করেছে সংগঠনটি। মঙ্গলবার শিলচরে বৌদ্ধিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভাগবত বলেন, গত ১০০ বছরে আরএসএস-কে থামিয়ে দেওয়া এবং ধ্বংস করার একাধিক চেষ্টা হয়েছে। জরুরি অবস্থাও ছিল তেমনই একটি প্রয়াস। কিন্তু সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সংগঠন শতবর্ষের অস্তিত্ব ও সেবার যাত্রা সম্পূর্ণ করেছে।

তবে শতবর্ষ পূর্ণ হওয়াকে আত্মতুষ্টির কারণ হিসেবে দেখতে নারাজ তিনি। ভাগবতের কথায়, এখনও অনেক কাজ বাকি রয়েছে। দেশকে পরম বৈভবের শিখরে পৌঁছে দিতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। দক্ষিণ অসম প্রান্তের ক্ষেত্রেও এই দায়িত্ব সমানভাবে প্রযোজ্য।

অনুষ্ঠানে সঙ্ঘের সামাজিক পরিবর্তনের কর্মসূচি ‘পঞ্চ পরিবর্তন’-এর বিষয়গুলিও তুলে ধরেন ভাগবত। সামাজিক সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, স্বদেশি ভাবনা এবং নাগরিক কর্তব্য—এই পাঁচটি বিষয়কে সমাজ পরিবর্তনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker