NE UpdatesHappeningsBreaking News
প্যান কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, জানাল গৌহাটি হাইকোর্ট

ওয়েটুবরাক, ১২ নভেম্বর: প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, এক মামলার শুনানিতে এমনটাই রায় দিল গৌহাটি হাইকোর্ট। আদালত জানিয়েছে, যতক্ষণ না এই নথিপত্রগুলিকে সমর্থনকারী মূল বা পেছনের রেকর্ডগুলি প্রমাণ করা যাচ্ছে, ততক্ষণ কেবল প্যান বা ভোটার কার্ডকে নাগরিকত্বের দলিল হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। বিদেশি ট্রাইব্যুনালের এক রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা এক মহিলার আবেদন খারিজ করতে গিয়ে এই পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গৌহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আয়কর বিভাগ বা নির্বাচন কমিশন কোনও বড় বা আনুষ্ঠানিক তদন্ত ছাড়াই আবেদনকারীর নিজের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্যান কার্ড ও ভোটার কার্ড ইস্যু করে। তাই এগুলি নাগরিকত্বের আইনি দলিল হতে পারে না।
মামলার বিবরণ অনুযায়ী, কুলসানা বেগম নামের আবেদনকারী দাবি করেছিলেন যে তিনি ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে জন্মগ্রহণ করেছেন। নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সপক্ষে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা (যেখানে তাঁর দাবি অনুযায়ী ঠাকুরদাদা ও বাবা-মায়ের নাম ছিল), বাবার প্যান কার্ড ও ভোটার কার্ড, নিজের ভোটার আইডি, রেশন কার্ড এবং এনআরসি আবেদনপত্র জমা দিয়েছিলেন। এমনকি তাঁর বাবা লোকসভা ও বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এবং গুয়াহাটি পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেও দাবি করা হয়েছিল।



