India & World UpdatesHappeningsBreaking News
দীপাবলির রাতে মহারাষ্ট্রে দমবন্ধ হয়ে পরিবারের ছয় সদস্যের মৃত্যু

ওয়েটুবরাক, ৯ নভেম্বর: দীপাবলির উৎসবের রাতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যস্ত মহারাষ্ট্র। ধারাশিব জেলায় দমবন্ধ হয়ে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে, রবিবার রাতেই মুম্বই শহরে প্রায় ১৪০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছেন আধিকারিকরা।
দীপাবলিতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কড়া পদক্ষেপ করেছে মুম্বই বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সোমবার জারি করা এক নির্দেশে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্থানে আকাশে উড়ে যায় এমন আতশবাজি (এরিয়াল ফায়ারক্র্যাকার) ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ধারাশিবে মধ্যরাতের পর একটি একতলা বাড়ি ও দোকানে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বাড়িটির একতলায় দোকান ছিল এবং দোতলায় (প্রথম তলায়) ঘুমিয়ে ছিলেন কারান্ডে পরিবারের ছয় সদস্য। আগুন ছড়িয়ে পড়ার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়।
দোকানে প্লাস্টিকের সামগ্রী ও তেলের মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ভিতরে জ্বালানো একটি মাটির প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।



