Barak UpdatesHappeningsBreaking News

প্রতিমা নিরঞ্জনে মারধরের ঘটনায় আজ মুক্তি পেতে পারেন ধৃতরা

ওয়েটুবরাক, ৩০ অক্টোবর: প্রতিমা নিরঞ্জনে মারধরের ঘটনায় গভীর নিন্দা জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গতকাল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি জেলা সমিতি আয়োজিত মত বিনিময় সভায় নিজের মত ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন, মদ খেয়ে মারধর হল, তার মধ্যে বিনা দোষে কেউ কেউ জেলে, তা যথেষ্ট উদ্বেগজনক। একহাতে কখনও তালি বাজতে পারে না বলে সোজাসাপটা উল্লেখ করেন তিনি। কমলাক্ষ স্পষ্ট বলেন, ঘটনার পরবর্তীতে কেউ কেউ বাঙালীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন, তাও মানা যায় না। মারধরের নেপথ্যে মদ্যপান, অথচ জিগির উঠছে বাঙালি মানেই বাংলাদেশি। এ ধরনের কুরুচিকর মন্তব্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন কমলাক্ষ।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতি প্রবল বিশ্বাস ব্যক্ত করে বিধায়ক দে পুরকায়স্থ অচিরে ভুল বোঝাবুঝির সমাধান হবে বলেই আশা ব্যক্ত করেন। একই ভাবে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে নির্দোষদের মুক্তির আশ্বাস দেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনিও সুশীল সমাজের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। কৃষ্ণেন্দু জানান, তিনি বিষয়টি নিয়ে বরাক উপত্যকা সফরে আসা মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে আলোচনা করেছেন।

বরাক বঙ্গের সভার পরেই ইঙ্গিত মিলেছে, ধৃতদের মুক্তির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আজই কৃষ্ণেন্দু-কমলাক্ষের তৎপরতায় মুক্তি পেতে পারেন ধৃত সকলে।

শ্রীভূমিতে বিসর্জন কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বরাক বঙ্গ আহূত ওই সভায়। প্রকৃত দোষীদের শাস্তি, নির্দোষদের মুক্তি ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিশেষ করে, বরাক বঙ্গের প্রাক্তন সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পুরনো টুইটের সমালোচনার পাশাপাশি এখন পুরো তথ্য জেনে একটি নতুন পোস্টের অনুরোধ করেন। এছাড়াও বক্তৃতা করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সতু রায়, সব্যসাচী রায়, মৃন্ময় রায় প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, সুবীরবরণ রায়, সুবীর রায়চৌধুরী সহ শহরের বিশিষ্টজনেরা।

তাঁরা বরাক উপত্যকার বাইরে বসবাসকারী ও ভ্রমণরত বাঙালিদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker