India & World UpdatesHappeningsBreaking News
শরণার্থীদের ছয় মাসে নাগরিকত্ব, ঘোষণা শাহের

ওয়েটুবরাক, ২২ আগস্ট: আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ পার্সি ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে আয়োজিত এক জনসভায় অমিত শাহ বলেন, ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আসা এবং সিএএর অধীনে আবেদন করা যোগ্য শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সিএএর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের এ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, শরণার্থীদের সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাশাসকদের সিএএর অধীনে বিচারাধীন আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের আট জেলার জেলাশাসকদেরও এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অমিত শাহ জানান।
শিলিগুড়ির জনসভায় তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন অমিত শাহ। সিএএ কার্যকরের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্য সরকার আইনটি বাস্তবায়নে সম্মতি না দিলেও পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
একই সঙ্গে পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত ব্যক্তিদের শনাক্ত করে রাজ্য থেকে বহিষ্কারের কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


