Barak UpdatesHappeningsBreaking News
শ্রমিক কৃষকের বিক্ষোভ ও আইন অমান্য আন্দোলনে উত্তাল ডিসি অফিস

ওয়েটুবরাক, ১০ আগস্ট : সারা দেশের সঙ্গে শিলচরেও আজ সিটু, সারা ভারত কৃষক সভা, ও কৃষি মজুর ইউনিয়নের ডাকে ১২ দফা দাবিতে শ্রমিক কৃষকের বিক্ষোভ ও আইন অমান্য কার্যসূচি পালিত হয়। স্থানীয় নরসিংটোলার মাঠে সকাল থেকে কাছাড়ের বিভিন্ন প্রান্তের শ্রমিক-কৃষকরা জড়ো হন। ওই সমাবেশে বক্তব্য রাখেন সুভাষ দেব, দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য , রেজামন্দ আলী প্রমুখ। তাঁরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী ও শ্রমিক কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন ।এরপর সেখান থেকে মিছিল বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে ডিসি অফিসের সামনে গিয়ে স্লোগানে উত্তাল করে তোলেন। প্রশাসনের তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও আন্দোলনকারীদের গ্রেফতার করা থেকে বিরত থাকে।
আজকের দাবিগুলির মধ্যে অন্যতম, শ্রম কোড বাতিল করা, ন্যূনতম ২৬০০০/- টাকা মাসিক মজুরি ধার্য করা, প্রকল্প কর্মীদের চাকরিকে সরকারি চাকরির মর্যাদা দেওয়া, কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি প্রভৃতি।



