NE UpdatesHappeningsBreaking News
তিন প্রজন্মের শর্তারোপ, সত্র সুরক্ষায় সংশোধনী বিল পাশ
ওয়েটুবরাক, ৩০ জুলাই: বুধবার বিধানসভায় পাশ হলো ‘দ্য আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। এর ফলে এখন থেকে ২৫০ বছর পুরনো ঐতিহাসিক সত্র, মন্দির, গির্জা, মসজিদের পাঁচ ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাইরের কেউই জমি কিনতে পারবেন না। ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকবেন কেবল স্থানীয়রাই। তবে তফসিলি জনজাতি ও তফসিলি জাতির পরিবারগুলো এর কড়াকড়ির বাইরে থাকবেন। তাঁদের বরং জমির পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
তিনি বলেন, এই সংশোধনী পাশের ফলে বরপেটা সত্র, বরদোয়া, মাজুলির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্থানীয় মানুষই থাকতে পারবেন। ৫ কিলোমিটার ব্যাসার্ধে বসবাসকারীদের মধ্যে যাদের মেয়াদি পাট্টা রয়েছে, তাঁরাই থাকতে পারবেন। তাঁদের কোনও অসুবিধা হবে না। শুধু তাই নয়, ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিন প্রজন্ম ধরে থাকলে জমি কেনা-বেচাও করতে পারবেন। তফসিলি জাতি, তফসিলি উপজাতির যদি কেউ পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাস করেন, তাঁদের চিন্তা করতে হবে না। উচ্ছেদ করা হবে না তাঁদের। বরং জমির পাট্টা দেওয়া হবে তাদের।



