Barak UpdatesHappeningsBreaking News
লাংলাছড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির গ্রীষ্মকালীন শিবির

ওয়েটুবরাক, ২৮ জুলাই: পড়াশোনার পাশাপাশি খেলাধূলারও যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জীবনে। বিশেষ করে, বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলার জন্য কিছুটা সময় প্রত্যেক দিন বের করা উচিত। ছোটবেলা যদি কিছুটা সময় প্রত্যেকদিন খেলাধূলা করা যায় তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পেশি ও হাড় মজবুত হয়, পাশাপাশি আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণেও খেলাধুলা যথেষ্ট সহায়ক হয়। শিশুদের পড়াশোনার যে চাপ সেই চাপ মুক্তিতে এবং মনোযোগ বৃদ্ধিতে খেলাধুলার যথেষ্ট অবদান রয়েছে।
গত ২৬ জুলাই রবিবার লক্ষীপুর বিধানসভার অন্তর্গত লাংলাছড়া ও ব্রেননগর অঞ্চলের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পরিচালিত অবৈতনিক পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গ্রীষ্মকালীন শিবিরে এই কথাগুলি ব্যক্ত করেন সোসাইটির সম্পাদক সুপ্রদীপ দত্ত রায়। এদিনের এই শিবিরে সকাল বেলা থেকে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধূলার আয়োজন করা হয়। বিশেষভাবে ছিল অংক দৌড়, মিউজিকাল চেয়ার, পাস দ্য পিলো ইত্যাদি। তাছাড়াও ছাত্র-ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞানের উপরে একটি কুইজ কম্পিটিশন্ও অনুষ্ঠিত হয়।
এদিনের প্রত্যেকটি অনুষ্ঠানে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ও আনন্দ উপভোগ করে। প্রতিযোগিতায় যেসব ছাত্র-ছাত্রীরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের প্রত্যেককে লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস-এর পক্ষ থেকে কলম ও পদক দিয়ে পুরস্কৃত করা হয়। সর্বমোট ১৫০ জন ছাত্রছাত্রী এদিনের এই গ্রীষ্মকালীন শিবিরে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকের দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সহ-সম্পাদক যাদব সাহা। লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেস-এর পক্ষ থেকে শিবিরে এদিন উপস্থিত ছিলেন সভাপতি লায়ন শম্পা দেব রায় ধর ও লায়ন ইন্দ্রানী ভট্টাচার্য। সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বরাজ চক্রবর্তী ও স্থানীয় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশিস কর্মকার, শৈলেন সাঁওতাল, অষ্টমী কর্মকার, মুনিটি টুডু। উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দও।
উল্লেখ্য, রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটি ছিল বছরের দ্বিতীয় সামার ক্যাম্প। তৃতীয় সামার ক্যাম্প শুরু হবে সোমবার থেকে বৌলাবস্তি শাখায়।


