Barak UpdatesHappeningsBreaking News
উধারবন্দ বিস্ফোরণ: মালিক সহ ৫ জন জেলে

ওয়েটুবরাক, ২৮ জুলাই: উধারবন্দের ‘কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার’-এ রবিবার বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রির তিন মালিকের একজন রাকেশ কুমার সুরানাও। গুয়াহাটি ফেন্সি বাজার থেকে ধরে আনা হয়েছে ৬৩ বছর বয়সী সুরানাকে।
রবিবার ঘটনার পরই পুলিশ থানায় ডেকেছিল কেডি-র সিইও অমিচাঁদ জাঙ্গির (৬৩), সেফটি অফিসার শামিম আখতার (৩৫), ইলেকট্রিক্যাল ইনচার্জ অলক কুমার তিওয়ারি (৩৪) এবং স্ক্র্যাপ ইনচার্জ রমাকান্ত সিং (৩৫)-কে। সারা রাত থানায় বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদের পর সোমবার তাদের গ্রেফতার করা হয়। পরে সুরানা সহ পাঁচজনকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে সবাইকে জেলে পাঠানো হয়।
এদিকে, বিধায়ক রাজদীপ গোয়ালা নিহত তিন শ্রমিকের পানগ্রাম এলাকার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের হাতে মুখ্যমন্ত্রীর তহবিলের পাঁচ লক্ষ টাকার অনুদান। এদিন জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তাকে নিয়ে বিধায়ক রাজদীপ ওই এলাকায় গেলে উত্তেজিত এলাকাবাসী তাঁর সামনে রাস্তায় শুয়ে কারখানা বন্ধের দাবি তোলেন।
তাঁরা অন্য দুই মালিক অশ্বিনী কুমার সুরানা এবং রাজেন্দ্র ছররিয়াকেও গ্রেফতারের দাবি জানান।



