Barak Updates

তিন দিনের সফরে অসমে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

গুয়াহাটি, ৯ জুন : তিনদিনের সফরে আগামী ১ জুলাই অসমে আসবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য জানান মন্ত্রী নীলিমা দেবী। গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ভারত-জাপান উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন জাপানের প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে মন্ত্রী নীলিমা দেবী বলেন, “তিন দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অসমে আসবেন। ১ জুলাই বিকেলে তিনি গুয়াহাটিতে পৌঁছবেন এবং ৩ জুলাই অসম থেকে ফিরে যাবেন। অন্যদিকে, ২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অসমে আসবেন। জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়।’

অন্যদিকে, বিধায়ক দিপ্লুরঞ্জন শর্মা বলেন, ‘অসম এক সময় একটি বড় সুযোগ হারিয়েছিল। সিএএ আন্দোলনের কারণে সেই সময়ের জাপানের প্রধানমন্ত্রীকে অসম সফর বাতিল করতে হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রীর এই আগমন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসমের সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের যে রূপরেখা তৈরি হয়েছে, তাকে আরও গতি দেবে।”

উল্লেখ্য, আগামী ১ থেকে ৩ জুলাই গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ভারত-জাপান শীর্ষ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। এর ছয় বছর আগে ২০১৯ সালে গুয়াহাটিতে ভারত-জাপান শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিএএ আন্দোলনের জেরে অসমে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সেই বৈঠক বাতিল করা হয়।
ধারণা করা হচ্ছে, এই বৈঠকে ভারত ও জাপানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এছাড়া ভারতের মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়েও বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker