Barak UpdatesHappeningsBreaking News

সোনাইয়ে হক ফাউন্ডেশনের বিনামূল্যে কোচিং ও ডিজিটাল এক্সিলেন্স সেন্টারের উদ্বোধন

ওয়েটুবরাক, ৭ জুন: একে চন্দ আইন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হক বড়ভুইয়ার স্মৃতিতে গঠিত হক ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করল । সোনাইয়ের ইছারপার এলাকায় উদ্বোধন হলো একটি বিনামূল্যে কোচিং সেন্টার ও ডিজিটাল এক্সিলেন্স সেন্টারের। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় তজমুল মজুমদারের স্বাগত ভাষণে। হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা প্রয়াত আব্দুল হকের বড় পুত্র নাহিদ জুবাইর বরভূঞা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে মানসম্মত শিক্ষা, ডিজিটাল সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের প্রতি ফাউন্ডেশনের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে গ্রামে একটি সেলাই ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে, যা গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং নারী উদ্যোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নেহরু কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আবিদ রাজা মজুমদার, এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সাবির আহমদ চৌধুরী, প্রাক্তন বিডিও ও হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, ‘খোঁজ’-এর সভাপতি ড. এম মাসুম; ড. আব্দুল মতিন লস্কর, আব্দুল শুক্কুর বরভূঞা, খালেদ আজম মজুমদার , এস এম শিবলি মজুমদার প্রমুখ। বক্তারা হক ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। এলাকার 30 জন কৃতী এইচএস ও এইচএসএলসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করার লক্ষ্য তুলে ধরা হয়। জাহেদ আনোয়ার বড়ভুইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এরপর অতিথিবৃন্দ ফিতা কেটে বিনামূল্যে কোচিং সেন্টার ও ডিজিটাল এক্সিলেন্স সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নবনির্মিত কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এই কেন্দ্রগুলো এলাকার শিক্ষার্থী ও যুবসমাজের জন্য বিনামূল্যে শিক্ষাসহায়তা, প্রাথমিক কম্পিউটার শিক্ষা, ডিজিটাল সাক্ষরতা এবং বিভিন্ন শিক্ষামূলক সুযোগ-সুবিধা প্রদান করবে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, হক ফাউন্ডেশনের  এই প্রতিষ্ঠান ভবিষ্যতে অঞ্চলের শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker