NE UpdatesHappeningsBreaking News
পালানোর সময় এনকাউন্টার, গুয়াহাটি হোটেলে গুলিকাণ্ডে মূল অভিযুক্তের মৃত্যু

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল গুয়াহাটি হোটেলকাণ্ডের মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের। বুধবার ভোররাতে অসমের শিবসাগরে নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। গত ২৬ অক্টোবর গুয়াহাটির বিলাস ইন হোটেলে গুলি চালিয়ে পাঁচজনকে খুনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হোটেলের লিজ ও পরিচালনা নিয়ে বিবাদের জেরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বুধবার ভোর ৩টা ১২মিনিটে ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল ঘনকান্ত গগৈকে। অন্য একটি মামলার তদন্তের প্রয়োজনে তাঁকে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল। সেই সময়ই পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় গগৈয়ের, জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশের বক্তব্য, হোটেলটির সংস্কার ও পরিকাঠামো উন্নয়নে অর্থ বিনিয়োগ করেছিলেন গগৈ। কিন্তু সংস্কারের পর হোটেলের ব্যবহার, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরিচালনা নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়। এই সমস্যা মেটাতেই ২৬ অক্টোবর সন্ধ্যায় বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই দু’পক্ষের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতি শুরু হয়। তার পরেই নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে গুলি চালান গগৈ। ঘটনার কিছুক্ষনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় তাঁর ব্যবহৃত পিস্তল। ঘটনাস্থল থেকে খালি কার্তুজ ও জীবন্ত কার্তুজও উদ্ধার হয়।



