Barak UpdatesHappeningsBreaking News
মন্মথ-শতাব্দীকে অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার

ওয়েটুবরাক, ২ জানুয়ারি: ২০২৪ এবং ২০২৫ ইংরেজি বর্ষের অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার পেলেন যথাক্রমে মন্মথ দে ও শতাব্দী নাথ। আজ শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এ দিন ছিল উত্তর পূর্বাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক অমিত কুমার নাগের ৯৩-তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ তাঁর শিলচর স্থিত বাসভবনে আয়োজিত হয় এক ঘরোয়া অনুষ্ঠান। সেখানে অন্য বছরের মতো এবারও আসাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপণ বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থানাধিকারীদের হাতে অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় | ২০২৪ বর্ষে প্রথম স্থান অর্জন করেন মন্মথ দে ও ২০২৫ বর্ষে শতাব্দী নাথ। দুজনের হাতে পুরস্কার স্বরূপ শংসাপত্র ও পাঁচ হাজার টাকার চেক প্রদান করেন অমিত কুমার নাগের সহধর্মিনী পূরবী নাগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত কুমার নাগের পুত্র ডঃ অপ্রতিম নাগ, পুত্রবধূ গোপা নাগ, তিন ভ্রাতুষ্পুত্রী ডঃ রমা পুরকায়স্থ, ডঃ শমিতা নাগ ধর, ডঃ শুভ্রা নাগ এবং জামাতা কল্যাণ ধর ।

সংবাদ জগতে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আদর্শ ও নিরপেক্ষ সাংবাদিক হিসেবে সুপরিচিত অমিত কুমার নাগ কয়েকটি গ্রন্থ রচনা এবং ছোট পত্রিকার সম্পাদনাও করে গেছেন |
পুরস্কার গ্রহণ করে মন্মথ ও শতাব্দী অমিত কুমার নাগের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে প্রয়াত নাগের আদর্শকে নিজেদের জীবনে চলার পথের পাথেয় হিসেবে নেবার অঙ্গীকার গ্রহণ করেন |



