India & World UpdatesAnalyticsBreaking News
সারা দেশে অভিন্ন এটিএস কাঠামো দরকার, ডিজিপিদের আহ্বান শাহের

নতুনদিল্লি, ২৬ ডিসেম্বর : সারা দেশে পুলিশের জন্য একটি অভিন্ন অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) কাঠামো অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ মহাপরিচালকদের (ডিজিপি) যত দ্রুত সম্ভব এটি কার্যকর করার আহ্বান জানান।
নয়াদিল্লিতে আয়োজিত দু’দিনব্যাপী ‘অ্যান্টি-টেররিজম কনফারেন্স–২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “জাতীয় নিরাপত্তার জন্য কার্যকরভাবে কাজ করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের সমস্ত সংস্থা ও রাজ্য পুলিশের একত্রিত হয়ে একটি ‘টিম ইন্ডিয়া’ গঠন করা উচিত।” তিনি বলেন, আগামী প্রজন্মের স্বার্থে আমাদের এমন এক অজেয় ও শক্তিশালী ‘সন্ত্রাসবিরোধী গ্রিড’ গড়ে তুলতে হবে, যা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
শাহ আরও বলেন, সব রাজ্যের এটিএস ইউনিটের উচিত তদন্তের ক্ষেত্রে NIDAAN ও NATGRID ব্যবহারে অভ্যস্ত হওয়া। “তদন্তে NIDAAN ও NATGRID ব্যবহারের ফলে মামলাগুলি আলাদা আলাদা ভাবে নয়, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে তদন্ত করা সম্ভব হয় এবং মামলার অদৃশ্য সংযোগগুলিও সামনে আসে। নির্দিষ্ট কিছু ধরনের তদন্তে NATGRID ব্যবহার বাধ্যতামূলক করা উচিত এবং কিছু নির্দিষ্ট ধরনের মামলায় NIDAAN ব্যবহারের ক্ষেত্রেও বাধ্যবাধকতা আনা উচিত,” বলেন তিনি।



