Barak UpdatesHappeningsBreaking News
বিশিষ্ট চিত্র সাংবাদিক, ছবিঘরের কর্ণধার মনোরঞ্জন দে প্রয়াত

ওয়ে টু বরাক, ১২ মে : শিলচরের বর্ষীয়ান চিত্র সাংবাদিক তথা প্রেমতলার স্টুডিও ছবিঘরের কর্ণধার মনোরঞ্জন দে প্রয়াত হয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ১১টা ৪০ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। রেখে গেছেন ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয় পরিজনকে। তাঁর স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছিলেন। রবিবার দুপুরে শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহল সহ শহরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকেই প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যকে সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত মনোরঞ্জন দে বহু বছর চিত্র সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। একসময় তথ্য জনসংযোগ বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর তোলা ছবি বরাক উপত্যকা সহ গোটা উত্তরপূর্বে একটা সময় অনেক প্রশংসা পেয়েছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। শিলচর টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন মনোরঞ্জন দে। এছাড়া রেডক্রস সোসাইটি ও লায়ন্স ক্লাবের সঙ্গেও তিনি কিছুদিন যুক্ত ছিলেন। জীবনে বহু পুরস্কারও তিনি অর্জন করেছেন।



