India & World UpdatesHappeningsBreaking News
বাজি ধরে জল ছাড়া ৫ বোতল মদ্যপান ! চরম পরিণতি যুবকের

বেঙ্গালুরু, ১ মে : মদ্যপান এমনিতেই কু-অভ্যেস। কিন্তু কেউ যদি বাজি ধরে জল ছাড়াই একসঙ্গে ৫ বোতল মদ গিলে ফেলে, তার কী হতে পারে সেটা আন্দাজ করা যায়। পরিণামে মৃত্যুই হলো ২১ বছর বয়সী যুবকের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু নাঙ্গালি এলাকায়। মৃত যুবক কার্তিক। বন্ধুদের সঙ্গে আড্ডায় কার্তিক না কি দাবি করেন, তিনি জল ছাড়াই ৫ বোতল মদ খেয়ে নিতে পারেন। বন্ধুরা কার্তিকের কথায় বিশ্বাস করতে না পারলে তিনি ১০ হাজার টাকা বাজি ধরেন। এরপরই ৫ বোতল মদ নিয়ে এসে পান করা শুরু করেন কার্তিক।
জানা গেছে, ৫ বোতল মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন কার্তিক। তাঁকে সঙ্গে সঙ্গে কোলার জেলার মূলবাগান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কার্তিকের মৃত্যু হয়েছে বলে খবর। এ দিকে, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কার্তিকের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, কার্তিক বিয়ে করেছেন মাত্র ১ বছর হয়েছে। কয়েক মাসের একটি সন্তানও রয়েছে তাঁর।



