Barak UpdatesHappeningsBreaking News
দক্ষিণ শিলচরে জলের মাশুলে সারচার্জ, ক্ষোভ
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর: একই পুর এলাকায় জলের মাশুলে তীব্র বৈষম্য চলছে। চলছে বেশ কয়েক বছর ধরে। অন্য এলাকার মানুষ যখন মাস প্রতি ১০০-১২৫ টাকা জলের মাশুল দেন, সে সময়ে দক্ষিণ শিলচরে জলের মাশুল দিতে হচ্ছে এর তিনগুণ। ন্যূনতম মাশুল ৩০০ টাকা। এর ওপর গত আগস্ট মাসে সারচার্জ চাপানো হয়েছে ছয় টাকা। অযৌক্তিকভাবে সারচার্জ চাপানোর প্রতিবাদে সরব হয়েছেন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের কর্মকর্তারা। সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপকুমার দে পুরপ্রধানকে স্মারকলিপি পাঠিয়ে বলেন, বৈষম্যমূলক মাশুল আদায় নিয়ে তাঁরা বছরের পর বছর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এর সুরাহা করার পরিবর্তে এখন আবার সারচার্জ বসানো নাগরিকদের প্রতি অন্যায় আচরণ। তাঁরা এ ব্যাপারে শিলচর পুর কর্পোরেশনের কমিশনারের কাছে অতিরিক্ত মাশুল ও সারচার্জ প্রত্যাহারের জন্য দাবি জানান।



