Barak UpdatesHappeningsBreaking News
নববর্ষে নজরকাড়া শোভাযাত্রা বরাক বঙ্গের

ওয়েটুবরাক, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষের দিন শোভাযাত্রা করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সংগঠনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে পা মেলান প্রাক্তন সাংসদ ডা. রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভুঁইয়া, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির সদ্য প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ। উপস্থিত ছিলেন শিলচরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
এদিনের শোভাযাত্রায় সামগ্রিক উপস্থিতি ছিল নজরকাড়া। বাঙালিদের পাশাপাশি তুলে ধরা হয় এই অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য-সংস্কৃতি। ট্যাবলোগুলো ছিল সুসজ্জিত। বিশেষ করে, সুদীর্ঘ ট্রলারে এই অঞ্চলের পঞ্চদশ ভাষাশহিদকে শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রার শুরুতে যে ট্যাবলোটি রাখা হয়, সেটি ছিল চোখে পড়ার মতো।

শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বেরিয়ে সেন্ট্রাল রোড, অম্বিকাপট্টি, চার্চ রোড, শ্যামাপ্রসাদ রোড হয়ে বঙ্গভবনে গিয়ে এর সমাপ্তি ঘটে। সেখানে ছিল প্রাতঃরাশ ও মিষ্টিমুখের আয়োজন।



