India & World UpdatesHappeningsBreaking News
সুড়ঙ্গে চরম বিপর্যয়! উত্তরাখণ্ডে ৭ জনের সলিল সমাধি

ওয়েটুবরাক, ১৪ আগস্ট: উত্তরাখণ্ডের চামোলি জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার চামোলি জেলার পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একটি নির্মীয়মান টানেলে আচমকাই প্রবল বেগে জল ঢুকতে শুরু করে। সঙ্গে প্রচুর কাদা-পাথর। সে সময় সেখানে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। জলের তীব্র স্রোতে অনেকেই টানেলের বাইরে ছিটকে পড়েন।
রাজ্য দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৩ জন শ্রমিক টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টানেলের ভেতরে আচমকা প্রচুর পরিমাণে কাদা, পাথর ও জল ঢুকে পড়ে। ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এনডিআরএফ এবং এসডিআরএফ জওয়ানরা পলি ও ধ্বংসাবশেষ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় বিধায়ক লাখপত বুটোলা ঘটনাস্থলে দাঁড়িয়ে জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সম্পূর্ণ প্রশাসনিক টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ।
ঘটনার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উদ্ধার ও ত্রাণকাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানোর নির্দেশ দিয়েছেন। হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এছাড়া, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কথা জানিয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই চামোলি জেলায় টানা ভারী বৃষ্টিপাত চলছে।

